২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধাজ্ঞা স্থগিত, বিশ্বকাপের শুরুতে খেলতে বাধা নেই রোনালদোর

তিন ম্যাচের নিষেধাজ্ঞার ঝুঁকিতে থাকলেও আপাতত এক ম্যাচেই পার পেয়ে গেলেন পর্তুগিজ তারকা।

নিষেধাজ্ঞা স্থগিত, বিশ্বকাপের শুরুতে খেলতে বাধা নেই রোনালদোর
বিশ্বকাপের শুরুতে খেলতে পারবেন ক্রিস্তিয়ানো রোনালদো। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2025, 12:01 AM

Updated : 26 Aug 2026, 05:11 PM

পর্তুগাল ও ক্রিস্তিয়ানো রোনালদোর জন্য স্বস্তির খবর। রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে গুরুতর ফাউলের জন্য আপাতত এক ম্যাচের নিষেধাজ্ঞায় পার পেয়ে গেলেন ফুটবলের মহাতারকা। আগামী বিশ্বকাপের শুরুতে খেলতে পারবেন তিনি। 

এই মাসে বিশ্বকাপ বাছাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে পর্তুগালের ২-০ গোলে হারের ম্যাচে প্রতিপক্ষের ডিফেন্ডার ডারা ও’শেকে কনুই মেরে লাল কার্ড দেখেন রোনালদো। 

ফিফার নিয়ম অনুযায়ী, সহিংস আচরণের জন্য সাধারণত তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেতে হয়। ২০২৬ বিশ্বকাপের শুরুতে রোনালদোর খেলা নিয়ে ছিল তাই শঙ্কা। তবে এই ফরোয়ার্ডের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে লেখা হয়েছে, এক্ষেত্রে জাতীয় দলের হয়ে ২২৬ ম্যাচে রোনালদোর প্রথম লাল কার্ডের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।

ফিফা এক বিবৃতিতে বলেছে, রোনালদো যদি এই সময়ের মধ্যে একই ধরনের ও একই মাত্রার অপরাধ আবার করেন, তাহলে শাস্তির স্থগিতাদেশ স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার বলে গণ্য হবে এবং বাকি দুটি ম্যাচের নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে।

৪০ বছর বয়সী রোনালদো এক ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি ভোগ করেছেন ১৬ নভেম্বর আর্মেনিয়ার বিপক্ষে, যে ম্যাচটি ৯-১ গোলে জিতে বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে পর্তুগাল। আগামী বছরের বিশ্বকাপে কোনো ম্যাচে তাই বাইরে থাকতে হচ্ছে না পাঁচবারের বর্ষসেরা ফুটবলারকে।