স্লট নিজেই বললেন, ‘লিভারপুলের দায়িত্ব নেওয়া এখন সময়ের ব্যাপার’
কিছুদিন ধরে চলা গুঞ্জন আগামী কয়েক দিনের মধ্যে সত্যি হয়ে যাওয়ার ইঙ্গিত নিজেই দিলেন ফেইনুর্দের এই কোচ।
অ্যানফিল্ডে ইয়ুর্গেন ক্লপের উত্তরসূরি হিসেবে আর্না স্লটের নাম শোনা যাচ্ছে কিছুদিন ধরে। ক্লপও বলেছিলেন, স্লট এলে ‘খুশিই হবেন’ তিনি। বর্তমানে ফেইনুর্দের দায়িত্বে থাকা এই কোচ এবার নিজেই জানালেন, তার লিভারপুলের হাল ধরার বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে দিন কয়েকের মধ্যেই।
স্লটের ব্যাপারে ফেইনুর্দের সঙ্গে লিভারপুলের আলোচনা চলছে- এমন খবর আগেই শোনা গেছে। একটি সুত্র ইএসপিএনকে এবার নিশ্চিত করেছে, ডাচ কোচের ব্যাপারে দুই পক্ষ সমঝোতায় পৌঁছে গেছে। গুঞ্জন যে সত্যি হতে যাচ্ছে, শুক্রবার সংবাদ সম্মেলনে আভাস দিলেন স্লট নিজেই।
“বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি, কিন্তু কয়েক দিনের মধ্যে হয়ে যাবে। এসব বিষয় সঠিক সময়ে হওয়া উচিত…চিন্তা করার কিছু নেই, নিঃসন্দেহে দ্রুতই হয়ে যাবে।”
চলতি মৌসুম শেষে লিভারপুল ছাড়ার ঘোষণা গত জানুয়ারিতে দিয়েছিলেন ক্লপ। তার উত্তরসূরি হিসেবে শুরুতে অন্য কয়েক জনের নাম শোনা গেলেও, কিছুদিন আগে থেকে জোরোশোরে স্লটের নাম আসে।
ফেইনুর্দের ডাগআউটে গত মৌসুমটা দারুণ কাটে স্লটের। ৪৫ বছর বয়সী এই কোচের হাত ধরে ডাচ লিগ ও কেএনভিবি কাপ জিতেছে দলটি। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিডস ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পার্স তাকে নেওয়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু সাড়া দেননি তিনি।
লিগ শিরোপা জিতে চলতি মৌসুম শেষের আশা করেছিলেন ক্লপ। কিন্তু তার চাওয়া ফিকে হয়ে গেছে এভারটন ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে টানা দুই ম্যাচ পয়েন্ট খুইয়ে।
এ মুহূর্তে লিগ টেবিলে ৩৬ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লিভারপুল। সমান ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ৮২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি।
