২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সরলথ ও হলান্ডের জোড়া গোলে বিশ্বকাপের কাছে নরওয়ে

নরওয়ের আরেকটি বড় জয়ে ইতালির সরাসরি ২০২৬ বিশ্বকাপে ওঠার আশা আরেকটু ক্ষীণ হয়ে গেল।

সরলথ ও হলান্ডের জোড়া গোলে বিশ্বকাপের কাছে নরওয়ে
গোল করার পর সতীর্থের সঙ্গে আর্লিং হলান্ডের (ডানে) উল্লাস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2025, 01:23 AM

Updated : 26 Aug 2026, 05:07 PM

প্রথমার্ধে একটু ভুগতে দেখা গেল আর্লিং হলান্ডকে, তার দলকেও। তবে আলেকসান্দার সরলথের নৈপুণ্যে একবার গোলমুখ খুলে যাওয়ার পর, জোড়া গোল করলেন হলান্ডও। এস্তোনিয়াকে উড়িয়ে ২০২৬ বিশ্বকাপে ওঠার পথে আরেক ধাপ এগিয়ে গেল নরওয়ে।

ঘরের মাঠে বৃহস্পতিবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ৪-১ গোলে জিতেছে নরওয়ে। সরলথের জোড়া গোলের পর দুবার জালে বল পাঠান হলান্ড।  

টানা সাত জয়ে ২১ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে আছে নরওয়ে। এক ম্যাচ কম খেলে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে ইতালি।

বল দখল ও আক্রমণে একচেটিয়া আধিপত্য করলেও প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নিতে পারছিল না নরওয়ে। প্রথম আধা ঘণ্টায় গোলের জন্য ১১টি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি তারা।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে অবশেষে ডেডলক ভাঙতে পারে স্বাগতিকরা। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে হেডে দলকে এগিয়ে নেন সরলথ।  

দুই মিনিট ২২ সেকেন্ড পর সমর্থকদের উল্লাস দ্বিগুণ করেন সরলথ। এবারও সতীর্থের ক্রস ডি-বক্সে পেয়ে ডাইভিং হেডে গোলটি করেন আতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড।

খানিক পরেই স্কোরলাইন নাম লেখান অনেকটা সময় নিজের ছায়া হয়ে থাকা হলান্ড। আগের গোলে অ্যাসিস্ট করা ইউলিয়ান এই গোলেও দারুণ অবদান রাখেন। বরুশিয়া ডর্টমুন্ডের এই ডিফেন্ডার ডি-বক্সে দুজনকে কাটিয়ে বাইলাইনের কাছ থেকে ক্রস করেন, আর সবার ওপরে লাফিয়ে হেডে বল জালে পাঠান ম্যানচেস্টার সিটি তারকা।

জাতীয় দলের হয়ে এই নিয়ে টানা ১০ ম্যাচে জালের দেখা পেলেন গোলমেশিন হলান্ড।

আগের দুই ম্যাচে পাঁচটি ও তিনটি করে গোল করা হলান্ড ৬২তম মিনিটে ব্যবধান আরও বাড়ান। সতীর্থের হেড পাস ছয় গজ বক্সে পেয়ে জোরাল শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

চলতি মৌসুমে অবিশ্বাস্য ফর্মে থাকা হলান্ড ক্লাব ও জাতীয় দলের হয়ে ১৯ ম্যাচে এই নিয়ে মোট গোল করলেন ৩০টি।

আন্তর্জাতিক ফুটবলে ৪৭ ম্যাচে তার গোল হলো ৫৩টি।

চতুর্থ গোল হজমের একটু পরই একটি গোল শোধ করে এস্তোনিয়া। তবে লড়াইয়ে তা কোনো নাটকীয়তা ফেরাতে পারেনি।

এদিনই মলদোভার মাঠে খেলতে নামবে ইতালি। গ্রুপ সেরা হয়ে সরাসরি বিশ্বকাপে যেতে হলে এই ম্যাচে ও আগামী রোববার নরওয়ের বিপক্ষে জিতলেই শুধু হবে না ইতালির, নরওয়ের সঙ্গে ১৯ গোলের ব্যবধানও ঘোচাতে হবে তাদের, চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য যা প্রায় অসম্ভবের পর্যায়ে।

এবারের বাছাইয়ের প্রথম দেখায় নরওয়ের বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল আগের দুই বিশ্বকাপে খেলতে না পারা ইতালি।

আরও পড়ুন:

বিশ্বকাপে ফ্রান্স, ইতালির শেষের গোলে অপেক্ষা বাড়ল হলান্ডদের

লাল কার্ড দেখলেন রোনালদো, আইরিশদের বিপক্ষে হেরে গেল পর্তুগাল