১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কোপা আমেরিকায় সাফল‍্য পেতে যা চান ব্রাজিল কোচ

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ধারাবাহিকতা ও ভারসাম‍্যকে খুব গুরুত্বপূর্ণ মনে করছেন দরিভাল জুনিয়র।

কোপা আমেরিকায় সাফল‍্য পেতে যা চান ব্রাজিল কোচ
ব্রাজিলের নতুন কোচ দরিভাল জুনিয়র।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2024, 11:06 AM

Updated : 10 Sep 2026, 12:09 PM

লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামার আগে দলের কাছে নিজের চাওয়া জানিয়েছেন দরিভাল জুনিয়র। ব্রাজিল কোচ মনে করছেন, কোপা আমেরিকায় সাফল‍্যের জন‍্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে ধারাবাহিকতা ও ভারসাম‍্য।

জানুয়ারিতে ব্রাজিলের কোচ হয়ে আসার পর মাত্র চারটি ম‍্যাচে দলকে দেখার সুযোগ পেয়েছেন দরিভাল। অভিজ্ঞ এই কোচ স্বীকার করে নিয়েছেন, মাঠে সমন্বয় এখনও সেভাবে গড়ে ওঠেনি। তার মতে এত অল্প সময়ে এমন হওয়াটাই স্বাভাবিক।

“মাত্র তিন মাস আগে গড়া একটি দল, যেখানে ছেলেরা ১৫ বা ২০ দিন কাজের পর চলে যায়, তাদের মধ‍্য থেকে আমাদের একটা ভারসাম‍্য বের করে নিতে হবে।” 

“ফুটবলে অনুশীলনে প্রস্তুতি পর্ব কোনোভাবেই এড়িয়ে যাওয়া যাবে না। আর সে কারণেই আমরা ওদের প্রত‍্যেককে ধারাবাহিক করার চেষ্টা করি। একটি আত্মবিশ্বাসী দল সুযোগ তৈরি করার জন‍্য খেলোয়াড়দের স্বতন্ত্রতা কাজে লাগাতে পারে।”

বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে কোস্টা রিকার বিপক্ষে ম‍্যাচ দিয়ে কোপা আমেরিকায় পথ চলা শুরু হবে ব্রাজিলের। এর আগের দিন সংবাদ সম্মেলনে প্রথম একাদশও ঘোষণা করেন দলটির কোচ।

“শুরুর একাদশে এদের মিলিতা ও গিলের্মো আরানা থাকবে। যদি প্রয়োজন হয়, প্রতি ম‍্যাচে একটি বা দুটি পরিবর্তন আসতে পারে। সব খেলোয়াড়ই তৈরি, ওদের কাউকে নিয়েই আমাদের প্রত‍্যাশা কম নয়। আমরা যে কোনো পরিস্থিতির জন‍্য তৈরি।” 

শুরুর একাদশে থাকছেন না এই আসর শেষে রেয়াল মাদ্রিদে যোগ দিতে যাাওয়া এন্দ্রিক। ১৭ বছর বয়সী স্ট্রাইকারকে দ্বিতীয়ার্ধে নামানোর আভাস দিলেন দরিভাল।

“(শুরুর একাদশে এন্দ্রিকের থাকা) সহজাতভাবেই ঘটবে। এটা সম্ভবত খুব বেশি সময় নেবে না। কারণ, সে খুবই দক্ষ। তাকে মাঠে নামানোর জন‍্য আমি উন্মুখ কিন্তু এর জন‍্য একটা যথাযথ ভারসাম‍্য প্রয়োজন। তার অসাধারণ সব দক্ষতা আছে আর সে দলের সবচেয়ে প্রতিশ্রুতিশীল খেলোয়াড়দের একজন।”

‘ডি’ গ্রুপে ব্রাজিলের অন‍্য দুই প্রতিপক্ষ কলম্বিয়া ও প‍্যারাগুয়ে।