২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘লড়াই করো, অথবা ক্লাব ছেড়ে যাও’, লাউতারো মার্তিনেসের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

ব্রাজিলিয়ান ক্লাবের কাছে হেরে ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর ইন্টার মিলানের অধিনায়ক এই আর্জেন্টাইন ফরোয়ার্ড একহাত নিয়েছেন তার সতীর্থদের।

‘লড়াই করো, অথবা ক্লাব ছেড়ে যাও’, লাউতারো মার্তিনেসের ক্ষুব্ধ প্রতিক্রিয়া
হতাশায় মাঠ ছাড়ছেন লাউতারো মার্তিনেস। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2025, 12:27 PM

Updated : 26 Aug 2026, 01:18 PM

হতাশার মৌসুমে একটি শিরোপা জয়ের শেষ সম্ভাবনাও শেষ হয়ে গেল ইন্টার মিলানের। অধিনায়ক লাউতারো মার্তিনেসের হতাশ হওয়ারই কথা। তবে হতাশার চেয়েও তার প্রতিক্রিয়ায় ক্ষোভ ফুটে উঠল বেশি। একহাত নিলেন তিনি সতীর্থদের। দলের প্রতি তার পরিষ্কার বার্তা, লড়াইয়ের মানসিকতা না থাকলে ক্লাব ছেড়ে চলে যাওয়াই ভালো।

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় সোমবার ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেসির কাছে অপ্রত্যাশিতভাবে ২-০ গোলে হেরে যায় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রানার্স আপ দল ইন্টার মিলান।

এই মৌসুমে একসময় একটির পর একটি শিরোপার হাতছানি ছিল ইন্টারের সামনে। কিন্তু ইতালিয়ান কাপের ফাইনালে তারা হেরে যায় চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানের কাছে। লিগে লড়াইয়ে থেকেও শেষ পর্যন্ত রানার্স আপ হয় তারা। পরে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বিধ্বস্ত হয় পিএসজির কাছে।

এবার ক্লাব বিশ্বকাপে দৌড় থেমে গেল কোয়ার্টার-ফাইনালের আগেই।

ম্যাচের পর দলের পারফরম্যান্স নিয়ে ক্ষোভ উপরে দিলেন মার্তিনেস।

“আমি লড়াই করতে চাই বড় শিরোপার জন্য। যে কেউ ইন্টারে থাকতে চাইলে লড়াই করতে হবে। যার লড়াইয়ের বা এখানে থাকার ইচ্ছে নেই, সে বিদায় নিতে পারে।”

“আমরা এমন ফুটবলারদের চাই, যারা এখানে থাকতে চায়। মূল্যবান একটি জার্সি গায়ে চাপাচ্ছি আমরা। আমাদের মানসিকতাও থাকতে হবে শীর্ষ মানের। লড়াই করো, অথবা দয়া করে ক্লাব ছেড়ে যাও।”

শূন্য প্রাপ্তির মৌসুম শেষে আগামী মৌসুমে তাকিয়ে দলের ভেতর সত্যিকারের তাড়না দেখতে চান অধিনায়ক। 

“লম্বা ও ক্লান্তিকর একটি সেশন ছিল। আমরা খালি হাতে শেষ করলাম। এটিই সবার প্রতি সাধারণ বার্তা, আমরা কিছুই জিতিনি।”

“মান ধরে রাখতে ও শিরোপার লড়াইয়ে থাকতে, আমাদের ভেতর তাড়না থাকতে হবে… সমর্থকদের কাছে ক্ষমাপ্রার্থনা করছি, যারা এখানে এসে কাছ থেকে আমাদেরকে সমর্থন করেছেন। আমি দলের অধিনায়ক, আমার চাওয়া, সবকিছুই যেন সেরা অবস্থায় থাকে।”