কক্ষচ্যুত সাবালেঙ্কার আরেকটি বাজে হার
অখ্যাত সারা বেইলেকের বিপক্ষে দুই সেটেই শক্ত অবস্থান থেকে পথ হারিয়ে হেরে গেছেন র্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান।
ইউএস ওপেনে শিরোপা ধরে রাখার অভিযানে নামার আগে সময়টা একদমই ভালো কাটছে না আরিনা সাবালেঙ্কার। টরন্টো ওপেনে ব্যর্থতার পর, এবার সিনসিনাটি ওপেনেও অপ্রত্যাশিতভাবে আগেভাগে হেরে গেছেন নারী এককের নাম্বার ওয়ান তারকা।
তাকে চমকে দিয়েছেন অখ্যাত সারা বেইলেক। বৃহস্পতিবার দু্ই সেটেই দারুণ অবস্থা থেকে খেই হারিয়ে সাবালেঙ্কা হেরেছেন সরাসরি সেটে।
প্রথম সেটে এক পর্যায়ে ৫-১ গেমে এগিয়ে যান সাবালেঙ্কা। এরপর পথ হারান বেলারুশ তারকা, আর খাদের কিনারা থেকে অবিশ্বাস্য দৃঢ়তায় ঘুরে দাঁড়িয়ে টাইব্রেকারে সেটটি জিতে যান চেক রিপাবলিকের ২০ বছর বয়সী খেলোয়াড়।
দ্বিতীয় সেটেও ৪-১ গেমে এগিয়ে ছিলেন সাবালেঙ্কা। দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে ম্যাচটি ৭-৬ (৯-৭), ৬-৪ গেমে জয় নিশ্চিত করেন বেইলেক।
এই হারে র্যাঙ্কিংয়ে সাবালেঙ্কার সিংহাসন এখন হুমকির মুখে। রোমাঞ্চকর কোয়ার্টার-ফাইনালে ইগা শিয়াওতেকের প্রতিপক্ষ এলেনা রিবাকিনা যদি ফাইনালে ওঠেন, তাহলে তিনি সাবালেঙ্কাকে হটিয়ে শীর্ষে উঠবেন।
গত দুই বছরের ইউএস ওপেন জয়ী সাবালেঙ্কা ২০১৪ সালের পর প্রথম নারী খেলোয়াড় হিসেবে টানা তিনবার বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম জয়ের আশায় আছেন। ওই বছর সবশেষ এই কীর্তি গড়েছিলেন সেরেনা উইলিয়ামস।
যদিও আসছে গ্র্যান্ড স্ল্যামের আগে সাবালেঙ্কার পারফরম্যান্স মোটেও ভালো নয়। এর আগে টরন্টো ওপেনেও শেষ ষোলো থেকে ছিটকে পড়েন তিনি।
আগামী ৩০ অগাস্ট শুরু হবে ইউএস ওপেনের এবারের আসর।
