ম্যান সিটিকে আশা দিয়ে রাখলেন রদ্রি
যতটা ভাবা হচ্ছে, মাঠে ফিরতে ততটা দেরি হবে না বলেই মনে করেন এই মিডফিল্ডার।
অনেক দিন ধরেই কোনো সুখবর পায় না ম্যানচেস্টার সিটি। একের পর এক ফুটবলারের চোটে দিশেহারা দল মাঠের ফুটবলে ধুঁকছে। পেপ গুয়ার্দিওলার দলের জন্য এবার একটু আশার কথা শোনালেন রদ্রি। ব্যালন দ’র জয়ী মিডফিল্ডারের বিশ্বাস, ধরে রাখা সময়ের আগেই তিনি ফিরতে পারবেন মাঠে।
সেই সময়টা অবশ্য খুব সহসাই আসছে না। এসিএলের চোট তো আর এত দ্রুত সারে না। এমনিতে ধরে নেওয়া হয়েছে, গোটা মৌসুমই শেষ হয়ে গেছে রদ্রির। তবে ‘দা রেস্ট ইজ ফুটবল’ পডকাস্ট-এ ২৮ বছর বয়সী তারকা বললেন, তিনি এখনই হাল ছাড়ছেন না।
“আমার লক্ষ্য হলো এই মৌসুমেই মাঠে ফেরা। মানসিকতার কথা যদি বলেন, আমার জন্য এটাই ইতিবাচক হবে যে, মৌসুম শেষ বলে ধরে না নেওয়া ও হাল না ছাড়া।”
“জানি না, কখন (ফিরতে পারব)… আমার লক্ষ্য ছয় মাস বা সাত মাস…ফিজিওরাই নির্দেশনা দেবেন।”
গত ২২ সেপ্টেম্বর আর্সেনালের বিপক্ষে সিটির ২-২ গোলে ড্রয়ের ম্যাচের প্রথমার্ধে তুলে নেওয়া হয় রদ্রিকে, পরে জানা যায় এসিএলের চোটের কথা। অস্ত্রোপচার করাতে হয় তার। কোচ গুয়ার্দিওলা পরে বলেন, গোটা মৌসুমে আর পাওয়া যাবে না এই মিডফিল্ডারকে।
দলের প্রাণভ্রোমরাকে হারানোর পাশাপাশি আরও কয়েকজনের চোটে এখন যাচ্ছেতাই অবস্থা সিটির। টানা পাঁচ ম্যাচ হারার পর সবশেষ ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে ফেইনুর্ডের সঙ্গে ৩-০ গোলে এগিয়ে গিয়েও ড্র করে তারা।
