১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফুলহ্যামের মাঠে আর্সেনালের হোঁচট

শেষ দিকে মিকেল আর্তেতার দল আরেকবার জালে বল জড়ালেও অফসাইডে সেটা কাটা পড়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2024, 10:16 PM

Updated : 26 Aug 2026, 11:05 AM

ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল আর্সেনাল। জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ করতে থাকল তারা। কিন্তু অনেক চেষ্টা করেও ব্যবধান আর গড়ে দিতে পারল না মিকেল আর্তেতার দল।

ফুল্যহ্যামের মাঠে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ ড্র হয়েছে। রাউল হিমেনেসের গোলে পিছিয়ে পড়ার পর আর্সেনালকে সমতায় ফেরান উইলিয়াম সালিবা।

লিগে টানা তিন জয়ের পর ফের পয়েন্ট হারাল আর্সেনাল। ফলে শীর্ষস্থানের সঙ্গে তাদের ব্যবধান আরেকটু বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হলো।

১৫ ম্যাচে আট জয় ও পাঁচ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।

১৫ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে ফুলহ্যাম।

পুরো ম্যাচে বল দখলের পাশাপাশি আক্রমণেও পিছিয়ে থাকা ফুলহ্যাম প্রথমার্ধে গোলের জন্য একটি মাত্র শট নিতে পারে। সেটিই কাজে লাগিয়ে এগিয়ে যায় তারা।

ম্যাচের শুরুতে সেভাবে মাঝমাঠ পার হতেই পারছিল না ফুলহ্যাম। এর মাঝেই আচমকা শাণানো আক্রমণে গোলটি করে তারা। গতিতে ডিফেন্ডার ইয়াকুব কিভিওরকে পরাস্ত করে, বল ধরে বক্সে ঢুকে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন মেক্সিকোর ফরোয়ার্ড হিমেনেস।

প্রথমার্ধে গোলের জন্য পাঁচ শট নিয়ে একটি লক্ষ্যে রাখতে পারা আর্সেনাল ৫২তম মিনিটে সমতায় ফেরে এবং এবারও কর্নারের ফলশ্রুতিতে গোলটি করে তারা। কাই হাভার্টজের হেড গোলমুখে পেয়ে টোকায় বল জালে ঠেলে দেন ফরাসি ডিফেন্ডার সালিবা।

নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রস গোলমুখে পেয়ে হেডে বল জালে পাঠান বুকায়ো সাকা, জয়ের আশা জোরাল হয় আর্সেনালের। তবে ভিএআরে তাদের উল্লাস থেমে যায়; অফসাইডে ছিলেন ক্রস বাড়ানো গাব্রিয়েল মার্তিনেল্লি।

এই হোঁচটের হতাশা মুছে জয়ে ফেরার লক্ষ্যে আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর মুখোমুখি হবে আর্সেনাল।