২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনাইটেডের মালিক হলে ‘সব সমস্যার সমাধান করতেন’ রোনালদো

ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ হুবেন আমুরির প্রতি সমর্থন রেখে পর্তুগিজ মহাতারকা বললেন, সমস্যাটা কোচদের নয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2024, 07:59 PM

Updated : 10 Sep 2026, 12:27 PM

কোচ আসছেন, কোচ যাচ্ছেন, আবার নতুন কেউ যোগ দিচ্ছেন। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের ভাগ্য বদলাচ্ছে না কিছুতেই। দীর্ঘ দিন ধরেই অধারাবাহিক পারফরম্যান্সের বৃত্তে ঘুরপাক খাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম দলটি। দলটির সাবেক ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদোর মতে, সমস্যাটা কোচদের নয়, মালিকপক্ষের। পর্তুগিজ মহাতারকার বিশ্বাস, তিনি ক্লাবের মালিক হলে সব সমস্যার সমাধান করতে পারবেন।  

দলের টানা ব্যর্থতার দায়ে গত অক্টোবরে এরিক টেন হাগকে ছাঁটাই করার পর ইউনাইটেডের দায়িত্ব দেওয়া হয় হুবেন আমুরিকে। স্পোর্তিং লিসবনে দুর্দান্ত সময় কাটানো এই পর্তুগিজ কোচের হাত ধরেও হতাশার তিমিরে নিমজ্জিত দলটি।

আমুরির কোচিংয়ে এখন পর্যন্ত ১০ ম্যাচের ৫টিই হেরেছে ইউনাইটেড। এর মধ্যে প্রিমিয়ার লিগে সবশেষ ৫ ম্যাচে হার ৪টি। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ সামনে রেখে ৩৯ বছর বয়সী এই কোচ বলেছেন, তার চাকরি নিরাপদ নয়।

দুই মেয়াদে ইউনাইটেডের হয়ে ১৪৫ গোল করা রোনালদো শুক্রবার দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে বলেন, তার স্বদেশিকে দোষ দেওয়া উচিত নয়। ইউনাইটেডের সমস্যা আরও গভীরে।  

“প্রিমিয়ার লিগ বিশ্বের সবচেয়ে কঠিন লিগ। এখানে সব দলই ভালো। সব দলই লড়াই করে, সব দল দুরন্ত গতিতে ছোটে, সব খেলোয়াড়ই শক্তিশালী। ফুটবল এখন আলাদা। এখন আর সহজ ম্যাচ নেই। আমি দেড় বছর আগেই বলেছিলাম এবং বলতেই থাকব; সমস্যাটা কোচদের নয়।”

“এটা অ্যাকুয়ারিয়ামের মতো। যদি এর ভেতরে মাছ থাকে এবং সেটি যদি অসুস্থ হয়, আপনি তাকে বাইরে নিয়ে সমস্যার সমাধান করে পুনরায় আবার অ্যাকুয়ারিয়ামে রাখেন, তাহলে আবার অসুস্থ হবে। ম্যানচেস্টার ইউনাইটেডের সমস্যা একই। সমস্যাটা সবসময় কোচের হয় না। তার থেকেও অনেক বেশি কিছু। যদি আমি ক্লাবের মালিক হই, সমস্যাগুলো ঠিক করে ফেলব এবং সেখানে যা কিছু খারাপ মনে হবে, তার সামঞ্জস্য করব।”.

রোনালদোর মন্তব্য অদূর ভবিষ্যতে তার ‘বড় ক্লাবের’ মালিকানা নেওয়ার ইঙ্গিতই দেয়।

“আমি কোচ নই। আমি কখনই কোচ হতে যাচ্ছি না, ক্লাবের সভাপতি? তাও নয়। হয়তো ক্লাবের মালিক। এটা নির্ভর করবে সময় ও সঠিক সুযোগের ওপর।”

২০০৫ সালে ইউনাইটেডের মালিকানা কিনে নেয় যুক্তরাষ্ট্রের গ্লেজার পরিবার। মাঠে দলের বাজে ফলের জন্য সমর্থকদের বড় একটা অংশ নিয়মিতই গ্লেজার পরিবারের মালিকানা নিয়ে ক্ষোভ প্রকাশ করে। গত বছর ক্লাবের মালিকানার ২৫ শতাংশ শেয়ার কিনে নেন ব্রিটিশ ধনকুবের স্যার জিম র‍্যাটক্লিফ।

গ্লেজার পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগের বিষয়ে প্রশ্ন করা হলে রোনালদো বলেন, “এসব ক্ষেত্রে আমি এখনও খুব তরুণ, সামনে আমার অনেক পরিকল্পনা এবং স্বপ্ন আছে। কিন্তু আমার কথাটা লিখে রাখুন, নিশ্চিতভাবে আমি একটা বড় ক্লাবের মালিক হব।”

টেন হাগের সঙ্গে শীতল সম্পর্ক ও মতবিরোধের জের ধরে ২০২২ সালে ইউনাইটেডে রোনালদোর দ্বিতীয় অধ্যায় শেষ হয়। তার আগে এক সাক্ষাৎকারে ক্লাবের মালিকপক্ষ, টেন হাগসহ আরও অনেক বিষয় নিয়ে তিনি বিস্ফোরক মন্তব্য করেন। গ্লেজার পরিবার ক্লাবের বিষয়ে ভাবে না বলেও মন্তব্য করেন তিনি। 

বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাস্রে খেলা ৩৯ বছর বয়সী রোনালদোর মতে, র‍্যাটক্লিফের মালিকানা কেনা এবং কোচ বদল হলেও সমস্যাটা এখনও রয়ে গেছে। নতুন কোচ আমুরির পাশেই দাঁড়ালেন তিনি। 

“সে (আমুরি) পর্তুগালে আমার (সাবেক) ক্লাব স্পোর্তিংয়ের হয়ে দুর্দান্ত কাজ করেছে। কিন্তু প্রিমিয়ার লিগ ভিন্ন। এটি ভিন্ন লিগ, বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক লিগ। আমি জানতাম (তার) কাজটা কঠিন হবে, ঝড়-ঝঞ্ঝা আসবে। কিন্তু মেঘ কেটে যাবে এবং সূর্য উঠবে। আমি ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য সেরাটা প্রত্যাশা করি। কারণ এই ক্লাবকে আমি এখনও ভালোবাসি।”