১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এমবাপে-ভিনিসিউসকে দুয়ো, তবে দর্শকদের সমালোচনা করবেন না মরিনিয়ো

চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচে ঘরের মাঠে রেয়াল মাদ্রিদের দুই তারকা এমবাপে ও ভিনিসিউসকে দুয়ো দেন দর্শকেরা।

বিডিনিউজ২৪

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Sep 2026, 12:02 PM

Updated : 17 Sep 2026, 02:57 AM

ম্যাচ জিতেছে রেয়াল মাদ্রিদ। তবে খেলায় মন ভরেনি তাদের সমর্থকদের। গ্যালারি থেকে দুয়ো ভেসে এসেছে বারবারই। সেই দুয়োর মূল লক্ষ্য ছিলেন কিলিয়ান এমবাপে ও ভিনিসিউস জুনিয়র। দর্শকদের সেই প্রতিক্রিয়া নিয়ে কোনো মন্তব্য বা সমালোচনা করতে চান না জুজে মরিনিয়ো। তবে দুই তারকার প্রতি তার আস্থা ও সম্মানের কথাও স্পষ্ট জানিয়ে দিলেন রেয়াল মাদ্রিদ কোচ।

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটিতে মঙ্গলবার ঘরের মাঠে ইন্টার মিলানকে ২-১ গোলে হারায় রেয়াল মাদ্রিদ। 

ম্যাচের চতুর্দশ মিনিটে রেয়ালকে এগিয়ে দেন এমবাপে। ২৩তম মিনিটে ইন্টার মিলানের গোলকিপার জুজেপ মার্তিনেসের পা থেকে ছো মেরে বল জালে পাঠান ফেদে ভালভের্দে। 

ওই দুই গোলের আগে ও পরে ইন্টার আক্রমণ চালায় প্রচুর। কিন্তু ৭৭তম মিনিটে একটি গোল পরিশোধ করতে পারলেও বাকি গোল শোধ করতে পারেনি ইতালিয়ান ক্লাবটি। প্রতিপক্ষের আক্রমণ সামলানোর ফাঁকে রেয়ালও আক্রমণ করেছে বেশ। কিন্তু গোল আর আদায় করতে পারেনি।

ম্যাচ জিতলেও রেয়ালের খেলা খুশি করতে পারেনি গ্যালারি ভরা দর্শকদের। তাদের ক্ষোভের শিকার বেশি হয়েছেন দলের সবচেয়ে বড় দুই তারকা।

ম্যাচ শেষে মরিনিয়োকে জিজ্ঞেস করা হলো ভিনিসিউসকে দুয়ো দেওয়া নিয়ে। রেয়াল কোচ অকপটেই বললেন, ব্রাজিলিয়ান তারকা এখন প্রত্যাশিত ফর্মে নেই। তবে কোচ তার পাশেও দাঁড়ালেন শক্তভাবে।

“দর্শকদের সমালোচনা করব না। তবে কোচ হিসেবে বলছি, আমার সর্বোচ্চ সম্মান আছে তার প্রতি। হ্যাঁ, এখন সে তার খেলার মানের চূড়ায় নেই। সবাই তা দেখছে। তবে সে নিজেও এটা জানে, সবার আগে সে-ই জানে। ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া সেই ভিনিসিউস হয়ে উঠতে সে পরিশ্রম করছে। 

যেহেতু যে নিজের সেরা অবস্থায় নেই, এজন্য আগের চেয়ে আরও বেশি পরিশ্রম করছে। যে কিছু সময় সে সবার সঙ্গে মানিয়ে নিতে পারেনি, সেটা মূলত শ্রান্তির কারণে। ভিনিসিউসের প্রতি আমার প্রবল শ্রদ্ধা রয়েছে এবং আমাদেরকে ম্যাচ জেতানো সেই ভিনিসিউস আবার ফিরবে আগের রূপে।”

এমবাপের ফর্ম বাজে নয় মোটেও। এই ম্যাচে যেমন গোল করেছেন, তেমনি লা লিগাতেও সবশেষ ম্যাচটি ছাড়া ভালো খেলেছেন অন্য ম্যাচগুলোয়। তবু তাকে এই ম্যাচে দুয়ো দিয়েছেন সমর্থকেরা।

মরিনিয়ো আবারও বললেন, দর্শকদের নিয়ে তিনি কিছু বলবেন না। তবে এমবাপের প্রতি তার ভরসার কথাও জানিয়ে দিলেন পরিষ্কার করেই। 

“দর্শকদের প্রতিক্রিয়া নিয়ে আমি মন্তব্য করি না। আজকে যেমন করব না, এখানে দায়িত্বে থাকার শেষ মুহূর্ত পর্যন্ত করব না। সে মাঠ ছেড়ে বেরিয়ে আসার সময় তাকে আমি চুমু দিয়েছি এবং আমার মতে, দলের জন্য তার অবদানের প্রতি সম্মান ফুটে উঠেছে সেখানেই।”