Published : 25 Jul 2024, 06:29 PM
নারী ফুটবলে গত বছরের সবচেয়ে বিস্ময়কর দল স্পেন, আর তাদের অবিশ্বাস্য সব সাফল্যের নায়ক আইতানো বনমাতি। শুধু জাতীয় দলের হয়ে নয়, ক্লাব ফুটবলেও গত বছর সম্ভাব্য সবকিছু জিতেছেন এই তারকা মিডফিল্ডার। এবার তিনি গলায় পরতে চান অলিম্পিকের সোনার পদক।
আগামী ২৬ জুলাইয়ে প্যারিসে শুরু হবে অলিম্পিকস। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞে এবারই প্রথম খেলার সুযোগ পেয়েছে স্পেন নারী দল। অভিষেকেই সাফল্যের চূড়া ছোঁয়ার সংকল্প বনমাতির।
গত ১২ বছরে কি না জিতেছেন বনমাতি! নারী ফুটবল বিশ্বকাপে আগে মাত্র একটি জয়ের স্বাদ পাওয়া স্পেন ২০২৩ আসরে একের পর এক বিস্ময়ের জন্ম দিতে থাকে। অবিশ্বাস্য সব কীর্তি গড়ে তারা উঁচিয়ে ধরে বিশ্বকাপ ট্রফি। তাদের সেই সাফল্যে সবচেয়ে বড় অবদান ছিল বনমাতির।
আসর জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সে তিনি জেতেন টুর্নামেন্ট সেরার পুরস্কার গোল্ডেন বল। গত ফেব্রুয়ারিতে উয়েফা নেশন্স লিগও জেতে স্পেনের মেয়েরা। সেখানেও দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।
বার্সেলোনার হয়ে ক্লাব ফুটবলেও বনমাতি পান সর্বোচ্চ সাফল্যের স্বাদ; চ্যাম্পিয়ন্স লিগ ও লিগা এফ শিরোপা। চ্যাম্পিয়ন্স লিগের মৌসুম সেরা ফুটবলারও হন তিনি।
এছাড়া প্রথমবারের মতো জিতে নেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন দ’র।
অর্জনের এই ঝুলিকে এবার পূর্ণতা দিতে চান বনমাতি অলিম্পিকসে সোনা জিতে। এক সাক্ষাৎকারে বলেন, জিততে কখন ক্লান্ত হন না তিনি।
“এটা হবে অনন্য এক অধ্যায়, কারণ তাহলে আমরা সম্ভাব্য সবকিছুই জিততে পারব। আমরা উচ্চাকাঙ্ক্ষী দল এবং আমি একজন উচ্চাভিলাষী মানুষ, যে কখনও জয়ের ব্যাপারে ক্লান্ত হয় না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সোনা জয়ের দিকে মনোনিবেশ করা।”
অলিম্পিকসে মেয়েদের ফুটবল ইভেন্টে আগামী ২৫ জুলাই জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে স্পেনের। এশিয়ার দলটির বিপক্ষে গত বিশ্বকাপে গ্রুপ পর্বে ৪-০ গোলে হেরেছিল তারা। ‘সি’ গ্রুপের অন্য দুই দল নাইজেরিয়া ও ব্রাজিল।