ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি শুরুর দিনে হাসপাতালে নেইমার
দলের সঙ্গে যোগ দিলেও প্রথম দিনের অনুশীলন করতে পারেননি নেইমার, বিশ্বকাপের আগে নতুন করে শঙ্কায় ব্রাজিল।
ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি শুরুর দিনেই বড় এক ধাক্কা। প্রথম দিনের অনুশীলনেই থাকতে পারেননি নেইমার। সতীর্থরা যখন কার্লো আনচেলত্তির কোচিংয়ে বিশ্ব আসরের জন্য তৈরি হওয়ার অভিযানে নেমেছেন, দলের সবচেয়ে বড় তারকাকে তখন হাসপাতালে যেতে হয়েছে ডাক্তারি পরীক্ষার জন্য। বিশ্বকাপে তার খেলা নিয়ে তাই সংশয় জেগেছে আরও একবার।
বুধবার যদিও দলের সঙ্গে যোগ দিয়েছিলেন নেইমার। তবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) নিশ্চিত করেছে, ডান পায়ের পেশির চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে থাকা ফরোয়ার্ড এ দিনের রুদ্ধদ্বার অনুশীলনে অংশ নেননি এবং ‘ইমেজিং’ পরীক্ষার জন্য তাকে একটি বেসরকারি ক্লিনিকে পাঠানো হয়েছে।
সূত্রের বরাতে ইএসপিএন ব্রাজিল জানায়, ব্রাজিলের মেডিকেল স্টাফ প্রধান রদ্রিগো লাসমারের সঙ্গে নেইমার ক্লিনিকে গিয়েছিলেন, যেখানে তার এমআরআই স্ক্যান করানো হয়।
সিবিএফ বিবৃতিতে বলেছে, “ব্রাজিল জাতীয় দলের মেডিকেল স্টাফ তাদের মূল্যায়ন সম্পন্ন না করা পর্যন্ত আর কোনো তথ্য প্রকাশ করা হবে না।”
সিবিএফ-এর মেডিকেল বিভাগ জানিয়েছে, অতিরিক্ত পরীক্ষার মাধ্যমে নেইমারের আঘাতটির একটি সুনির্দিষ্ট রোগ নির্ণয় করা হয়েছে। এই চোটের কারণে গত ১৭ মে থেকে তিনি মাঠের বাইরে রয়েছেন।
আগামী রোববার পানামার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। চূড়ান্ত মেডিকেল পরীক্ষার ফলাফল ততদিনে আসুক বা না আসুক, আসা পর্যন্ত, এই ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা খুব কম বলেই মনে হচ্ছে আপাতত।
বিশ্বকাপের আগে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা, আগামী ৫ জুন যে ম্যাচে তাদের প্রতিপক্ষ মিশর।
অনেক দিনের অনেক কৌতূহল, আগ্রহ, টানাপোড়েন ও অনিশ্চয়তার পর ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পান নেইমার। দেশের সফলতম গোলস্কোরারকে ফিরে পেয়ে আনন্দের জোয়ার বয়ে যায় ব্রাজিলজুড়ে। তবে সেখানেই আবার শঙ্কার কালা ছায়া পড়েছে।
জাতীয় দলের অনুশীলনে যোগ দেওয়ার আগে অবশ্য এই শঙ্কা উড়িয়ে দিয়েছিলেন নেইমার। মঙ্গলবার সান্তোসের কোপা সুদারামেরিকানার ম্যাচ দেখতে গিয়েছিলেন তিনি। সেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল চোট সমস্যা নিয়ে। তিনি পাল্টা জবাব দিয়েছিলেন, “সমস্যা? কীসের সমস্যা…!”
কিন্তু পরদিনই তা সত্যি প্রমাণ হলো। ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি ছাপিয়ে এখন মূল আলোচনার বিষয় হয়ে উঠেছে নেইমারের অনুপস্থিতিই।
মঙ্গলবার রাতে কোপা লিবের্তাদোরেসের ম্যাচে পুরো সময় মাঠে থাকা রাইট ব্যাক দানিলোও অনুপস্থিত ছিলেন প্রথম দিনের অনুশীলনে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেলার জন্য পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে থাকবেন না গাব্রিয়েল মাগালাইস, মার্কিনিয়োস ও গাব্রিয়েল মার্তিনেল্লি।
আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ব্রাজিল। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও হাইতি।
এই মাসের শুরুতে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি স্পষ্ট করে দিয়েছিলেন, শুধুমাত্র নাম ও খ্যাতি দিয়ে নেইমারের জায়গা নিশ্চিত হবে না। কোচ এটাও বলেছিলেন যে, নেইমার কোনো বিশেষ সুবিধা পাবেন না এবং দলে তার জায়গা আবেগের ওপর ভিত্তি করে নয়, বরং কঠোরভাবে ফিটনেস ও ফর্মের ওপর নির্ভর করবে।
আপাতত, ব্রাজিল ডাক্তারি পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছে — দলের সবচেয়ে বড় ও আলোচিত তারকা এবারের বিশ্বকাপে আলো ছড়ানোর জন্য তৈরি কি না।
