২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড পানে ছোটা হ্যারি কেইনের চোট

বুন্ডেসলিগায় বরুশিয়া মনশেনগ্লাডভাখের বিপক্ষে ম্যাচে তাকে পাবে না শিরোপাধারীরা।

রেকর্ড পানে ছোটা হ্যারি কেইনের চোট
হ্যারি কেইন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2026, 06:02 PM

Updated : 26 Aug 2026, 03:05 PM

চোটের ছোবলে গোলের জন্য সবচেয়ে বড় ভরসা হ্যারি কেইনকে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। বুন্ডেসলিগায় বরুশিয়া মনশেনগ্লাডভাখের বিপক্ষে ম্যাচে তাকে পাবে না শিরোপাধারীরা।

বায়ার্নের জার্সিতে কয়েক বছর ধরেই দারুণ ছন্দে আছেন কেইন। চলতি মৌসুমে তার গোলের ক্ষুধা যেন আরও বেড়েছে। গত সপ্তাহে লিগ টেবিলের দুই নম্বর দল বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ের ম্যাচেও জোড়া গোল করেন তিনি।

ওই জয়ে ডর্টমুন্ডের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গেছে বায়ার্ন। তবে পায়ের ব্যথায় ভুগছেন কেইন, যদিও চোট তেমন গুরুতর কিছু নয় বলে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন দলটির কোচ ভেসোঁ কম্পানি।

“সে পায়ের পেশিতে আঘাত পেয়েছে এবং তা থেকে এখনও সেরে ওঠেনি। এটা ছোট একটা আঘাত, ভবিষ্যতের জন্য গুরুতর কিছু নয়; তবে তাকে খেলানোর জন্য প্রস্তুত করে তুলতে আমাদের হাতে হয়তো একটা দিন কম আছে।”

“এই বিষয়ে অবশ্য আমরা নির্ভার আছি, তবে তাকে দলে পেলে অবশ্যই ভালো হতো।”

বুন্ডেসলিগায় সবশেষ চার ম্যাচের প্রতিটিতে দুটি করে গোল করেছেন কেইন। আসরে এখন পর্যন্ত তার গোল হয়েছে ২৪ ম্যচে ৩০টি।

বুন্ডেসলিগায় এক মৌসুমে সর্বোচ্চ ৪১ গোলের রেকর্ড ভাঙার সুযোগ তৈরি হয়েছে কেইনের সামনে, যে রেকর্ডটির মালিক রবের্ত লেভানদোভস্কি। বায়ার্নের হয়ে রেকর্ডটি গড়েছিলেন পোলিশ তারকা। 

এই চোটের কারণে, রেকর্ডটি ছোঁয়া বা ভাঙার লক্ষ্যে একটু হলেও পিছিয়ে পড়লেন ইংলিশ স্ট্রাইকার কেইন।

লিগ শিরোপা ধরে রাখার অভিযানে ২৪ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে মনশেনগ্লাডবাখ।