২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ পর্যন্ত এভাবেই এগিয়ে যেতে চান মেসি

বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে তত বেশি উত্তেজনা অনুভব করছেন আর্জেন্টাইন তারকা।

বিশ্বকাপ পর্যন্ত এভাবেই এগিয়ে যেতে চান মেসি

ছবি: আর্জেন্টিনা টুইটার

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2022, 05:55 PM

Updated : 24 Sep 2022, 05:58 PM

ক্লাবের হয়ে মৌসুম দারুণ শুরুর পর জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেও আলো ছড়িয়েছেন লিওনেল মেসি। সবশেষ হন্ডুরাসের বিপক্ষে ম্যাচে তার সতীর্থরাও আশানুরূপ পারফরম্যান্স দেখিয়েছে। আসছে বিশ্বকাপ পর্যন্ত ছন্দের এই ধারা ধরে রাখতে চান আর্জেন্টিনা অধিনায়ক।  

 কাতার বিশ্বকাপ শুরু হতে বাকি দুই মাসেরও কম। আসরটিকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে দলগুলোর। মূলত সেই হিসেবেই চলতি আন্তর্জাতিক বিরতিতে প্রীতি ম্যাচ খেলছে দলগুলো।

 মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে প্রথম প্রীতি ম্যাচে হন্ডুরাসকে ৩-০ গোলে হারায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দলের জয়ে সবচেয়ে বড় অবদান মেসির। শেষের দুটি গোলই করেন ৩৫ বছর বয়সী ফুটবলার। লাউতারো মার্তিনেসের প্রথম গোলটির আক্রমণের উৎসও ছিলেন পিএসজি তারকা।

এই জয়ে আর্জেন্টিনার অপরাজেয় থাকার পথচলা দাঁড়াল রেকর্ড ৩৪ ম্যাচে। সবশেষ তিন ম্যাচে তারা গোল করেছে ১১টি, হজম করেনি একটিও! এই ১১ গোলের সাতটিই মেসির। হন্ডুরাসের বিপক্ষে দুটির আগে গত জুনে এস্তোনিয়ার বিপক্ষে দলের ৫-০ ব্যবধানের জয়ে সবকটি গোলই করেন তিনি।

 ক্লাব ফুটবলেও সময়টা দারুণ কাটছে সাতবারের ব্যালন ডি’অর জয়ীর। পিএসজির হয়ে এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে পেয়ে গেছেন তিনি ৬ গোল। নিয়মিত করছেন অ্যাসিস্টও।

 নিজের ও দলের এমন ছন্দ এবং ধারাবাহিক দাপুটে পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই বাড়ছে আত্মবিশ্বাস। একই সঙ্গে বিশ্বকাপ ঘনিয়ে আসার সঙ্গে মেসির উত্তেজনাও বাড়ছে।

 “বিশ্বকাপ এগিয়ে আসছে, প্রবল আকাঙ্ক্ষা, উদ্দীপনা ও উদ্বেগ কাজ করছে। তবে একই সঙ্গে এখন শান্তও থাকতে হবে, কারণ আমরা জানি কিছুটা সময় হাতে আছে। দারুণ অবস্থায় বিশ্বকাপে যেতে হলে আমাদের ক্লাবে ভালো খেলতে হবে।”

“সত্যি বলতে, একটা গ্রুপ হিসেবে ও জাতীয় দল হিসেবে আমরা খুবই ভালো করছি। বিশ্বকাপ পর্যন্ত আমরা এভাবেই খেলে যেতে চাই।”

 এই মাসেই আরেকটি প্রীতি ম্যাচ আছে আর্জেন্টিনার। আগামী বুধবার জ্যামাইকার বিপক্ষে খেলবে তারা।

 আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু আগামী ২২ নভেম্বর। ‘সি’ গ্রুপে দলটি সেদিন মুখোমুখি হবে সৌদি আরবের। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড।