লিভারপুল কক্ষপথে ফিরবে, আশাবাদী ফন ডাইক
অভিজ্ঞ এই ডিফেন্ডার মনে করেন, এই মুহূর্তে নিজেদের সামর্থ্যে আস্থার ঘাটতি রয়েছে তাদের।
প্রিমিয়ার লিগে একের পর এক হতাশাজনক পারফরম্যান্সে পয়েন্ট টেবিলে অবস্থা শোচনীয়। আট রাউন্ডেই শিরোপা লড়াইয়ে থেকে প্রায় ছিটকে গেছে লিভারপুল। ভার্জিল ফন ডাইকও মনে করছেন, আত্মবিশ্বাসে ঘাটতির জন্য এমন বাজে পরিস্থিতিতে পড়েছেন তারা। ডাচ এই ডিফেন্ডারের বিশ্বাস, দ্রুতই নিজেদের ফিরে পাবেন তারা।
গত মৌসুমে লিগের শেষ রাউন্ড পর্যন্ত চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সঙ্গে সমানে সমান লড়াই করেছিল লিভারপুল। তাতে সমর্থকদের মাঝে আশা জেগেছিল, এবারও তাদের দল দারুণ কিছু করে দেখাবে। কিন্তু চলতি মৌসুমে ইংল্যান্ডের শীর্ষ লিগে শুরু থেকে ধুঁকছে ইয়ুর্গেন ক্লপের দল।
৮ ম্যাচে মাত্র দুই জয়ে ১০ পয়েন্ট তাদের। জার্মান কোচ দলটির দায়িত্ব নেওয়ার সাত বছরের মধ্যে লিগে এটা লিভারপুলের সবচেয়ে বাজে শুরু। লিগে নিজেদের সবশেষ ম্যাচে গত রোববার শীর্ষে থাকা আর্সেনালের কাছে ৩-২ গোলে হেরেছে লিভারপুল। ৯ ম্যাচে ২৪ পয়েন্ট লন্ডনের ক্লাবটির। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটি।
আর্সেনাল ম্যাচের আগে ক্লপ বলেছিলেন, তাদের প্রিমিয়ার লিগ জেতার সম্ভাবনা শেষ। দল নিয়ে বরাবরই দারুণ আত্মবিশ্বাসী ক্লপের এই স্বীকারোক্তিই বলে দেয়, এই মুহূর্তে নিজেদের সামর্থ্য নিয়ে খুব একটা ভরসা পাচ্ছেন না তিনি।
ম্যাচের পর স্কাই স্পোর্টসের সঙ্গে ফন ডাইকের আলাপচারিতায় বিষয়টি স্পষ্ট হয় আরও। তিনি বলেন, শীর্ষ পর্যায়ে ভালো করার জন্য নিজেদের ওপর যে বিশ্বাস থাকা দরকার, এখন তাদের মধ্যে সেটার ঘাটতি রয়েছে। ৩১ বছর বয়সী এই ফুটবলার অবশ্য আশাবাদী, আবার ফিরে আসবে তাদের সুদিন।
“আমরা সবাই মানুষ এবং মাঝে মাঝে কিছু নির্দিষ্ট মুহূর্তে আপনার আত্মবিশ্বাসের প্রয়োজন হয়… যদি আপনার আত্মবিশ্বাস খুব বেশি না থাকে, তাহলে এটি নির্দিষ্ট পরিস্থিতিতে সাহায্য করে না।”
“প্রত্যেক মানুষ যে কাজই করুক না কেন, আর সেটা যে পরিস্থিতিতেই হোক না কেন, শীর্ষ পর্যায়ে পারফর্ম করার জন্য আপনার কিছুটা আত্মবিশ্বাসের প্রয়োজন। আমরা আগে যেভাবে জিততে অভ্যস্ত ছিলাম, সেভাবে যদি না জিততে পারি, তাহলে আত্মবিশ্বাস হারিয়ে যাবে, কিন্তু আমরা জানি যে এখান থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব। আমরা জানি, আমাদের কাজ করতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। এটাই একমাত্র কাজ এবং সামনে এগিয়ে যাওয়ার একমাত্র উপায়।”
যা হয়ে গেছে সেটা নিয়ে না ভেবে আসছে ম্যাচগুলোতে নিজেদের উজাড় করে দেওয়ার দিকে মনোনিবেশ করতে চান ফন ডাইক।
“আমরা যা করতে পারি, তা হল পরের ম্যাচটি জেতার চেষ্টা করা।”
“আমরা জানি লিগে আমাদের পথচলা বেশ কঠিন হতে চলেছে তবে প্রথমে আমাদের নিজেদের ফিরে পেতে হবে করতে হবে, দেখতে হবে… আমরা আরও ভালো কী করতে পারি কারণ, সামনে এমন অনেক মুহূর্ত থাকবে যেখানে আমরা সবাই আরও ভালো করতে পারি।”
লিভারপুলের পরবর্তী ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে আগামী বুধবার, রেঞ্জার্সের বিপক্ষে। এরপর আগামী সপ্তাহে প্রিমিয়ার লিগে তাদের প্রতিপক্ষ সিটি।
