২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওইয়াহর প্রতি বর্ণবাদী আচরণে যুক্তরাষ্ট্রের নিন্দা

সমর্থকদের বর্ণবাদী আচরণে টিম ওইয়াহর পাশে দাঁড়াল যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2024, 04:27 PM

Updated : 10 Sep 2026, 12:09 PM

পানামার বিপক্ষে লাল কার্ড দেখে অনলাইনে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড টিম ওইয়াহ। এই ঘটনায় তাৎক্ষণিক নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন। 

কোপা আমেরিকায় বাংলাদেশ সময় শুক্রবার সকালে কনকাকাফ অঞ্চলের দুই দলের লড়াইয়ে পানামার কাছে ২-১ গোলে হেরে যায় যুক্তরাষ্ট্র। 

ম্যাচের ১৮তম মিনিটে পানামার রদেরিক মিলারকে মাথার পেছন দিকে আঘাত করায় লাল কার্ড দেখেন ওইয়াহ। বল ছাড়া ওই ঘটনার ভিডিও দেখে লাল কার্ড বের করেন রেফারি।

এর ৪ মিনিট পরই ফোলারিন বালুগুনের গোলে লিড নেয় যুক্তরাষ্ট্র। কিন্তু তারা ১০ জনের দল নিয়ে পানামাকে আটকে রাখতে পারেনি। দুই অর্ধে দুটি গোল করে জয়ে সবাইকে চমকে দেয় যুক্তরাষ্ট্রের চেয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩২ ধাপ পিছিয়ে থাকা পানামা।

ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে কৃষ্ণাঙ্গ ওইয়াহর ওপর বর্ণবাদী ঘৃণা ছড়াতে থাকেন যুক্তরাষ্ট্রের সমর্থকরা। আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে নিজেদের ফুটবলারের পাশে দাঁড়ায় দেশটির ফুটবল ফেডারেশন। 

“খেলায় এমন ঘৃণ্য ও বর্ণবাদী আচরণের কোনো জায়গা নেই। এসব কর্মকাণ্ড শুধু অগ্রহণযোগ্যই নয়, একটি সংস্থা হিসেবে আমরা যে মূল্যবোধ ও সম্মানের চর্চা করি, এর পুরোপুরি বিপরীত।"  

এর আগে ম্যাচে পরাজয়ের দায়ভার নিজের কাঁধে নিয়ে লাল কার্ডের জন্য সতীর্থ ও সমর্থকদের কাছে ক্ষমা চান ওইয়াহ।

"এক মুহূর্তের হতাশার কারণে অনাকাঙ্ক্ষিত ফল ভোগ করতে হয়েছে। এজন্য আমি মনের গভীর থেকে আমার সতীর্থ, কোচ, পরিবার ও আমাদের সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ করছি।"