বিশ্বকাপের টিকেটের মূল্য নিয়ে ফিফার বিরুদ্ধে ধোঁকাবাজির অভিযোগ
কোনো সমর্থক গোষ্ঠী টিকেটের এই আকাশছোঁয়া মূল্যকে হাস্যকর বলেছে, কেউ বলছে ফিফার চাঁদাবাজি।
আগামী ফুটবল বিশ্বকাপের টিকেটের মূল্যের খবর বৃহস্পতিবার প্রচার হওয়ার পর থেকে, ফুটবলপ্রেমীদের মধ্যে প্রচণ্ড ক্ষোভের জন্ম হয়েছে। ফিফার বিরুদ্ধে তারা ‘অনেক বড় প্রতারণার’ অভিযোগ তুলেছে।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হবে ৪৮ দলের বিশ্বকাপ। টুর্নামেন্টটির ইতিহাসে এবারই হতে যাচ্ছে সবচেয়ে বড় আসর। মোট ম্যাচ হবে ১০৪টি, যেখানে ৩২ দলের অংশগ্রহণে গত কয়েক আসরে হয়েছিল ৬৪টি ম্যাচ।
বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা এবার টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলোর জাতীয় ফুটবল সংস্থাকে তাদের ম্যাচগুলোর মোট টিকেটের ৮ শতাংশ দিয়েছে, যেন তারা সবচেয়ে অনুগত সমর্থকদের কাছে বিক্রি করতে পারে।
ওই নির্দিষ্ট টিকেট বিক্রিতে জার্মান ফুটবল ফেডারেশন প্রকাশিত মূল্য তালিকা দেখেই মূলত ক্ষেপেছেন সমর্থকরা। গ্রুপ পর্বের বিভিন্ন ম্যাচের জন্য মূল্য দেওয়া হয়েছে ১৮০ ডলার থেকে ৭০০ ডলার পর্যন্ত। আর ফাইনালের টিকেটের মূল্য দেখাচ্ছে সর্বনিম্ন চার হাজার ১৮৫ ডলার এবং সর্বোচ্চ আট হাজার ৬৮০ ডলার।
ওই গ্রুপ পর্বের ম্যাচগুলোর টিকেটের মূল্য ফিফার মূল মূল্যতালিকা থেকে অনেক বেশি। ৬০ ডলারেও টিকেটে আছে বলে দাবি ফিফার।
আবার সাত বছর আগে যুক্তরাষ্ট্র যখন এবারের আসরের স্বাগতিক স্বত্ব পাওয়ার জন্য লড়াইয়ে নামে, তখন তাদের পক্ষ থেকে ২১ ডলার মূল্যের লাখো টিকেট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
ইউরোপের ফুটবল সমর্থকদের সংগঠন ‘এফএসই’ বলেছে, বিশ্বকাপের টিকেটের বর্তমান মূল্য একরকম চাঁদাবাজি।
প্রাপ্য তথ্যের ভিত্তিতে দেখা যাচ্ছে, অংশগ্রহনকারী কোনো দেশের ফুটবল সংস্থার মাধ্যমে টিকেট ক্রয় করে প্রথম ম্যাচ থেকে ফাইনাল পর্যন্ত দেখতে একজনের মোট খরচ হবে আট হাজার ১১১ ডলার।
এফএসই-এর মতে, অঙ্কটা কাতারে অনুষ্ঠিত ২০২২ সালের ফাইনালসের চেয়ে পাঁচ গুণ বেশি!
“বিশ্বকাপের মূল্যবোধের বিচারে এটা খুব বড় ধোঁকা, যেখানে এই টুর্নামেন্টে সমর্থকদের অবদানকে অস্বীকার করা হচ্ছে।”
টিকেটের মূল্য নিয়ে সমালোচনা এখানেই শেষ নয়।
ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনও বৃহস্পতিবার তাদের অংশের টিকেটের মূল্য প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, একজন সমর্থককে ফাইনাল পর্যন্ত প্রতিটি ম্যাচ দেখতে হলে সাত হাজার ২০ ডলার খরচ করতে হবে।
ইংল্যান্ডের ফুটবল সমর্থকদের সংগঠন টিকেটের এই পাহাড়সম মূল্যকে হাস্যকর বলেছে।
সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে ইংলল্যান্ড সমর্থকদের ওই সংগঠন লিখেছে, “প্রতি চার বছরে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের বাইরেও নিজ দলকে সমর্থন দেওয়া সমর্থকদের মুখে এই মূল্য একটা চপেটাঘাতের সামিল।”
১৯৯৪ সালে সবশেষ যুক্তরাষ্ট্রে বসেছিল ফুটবলের এই মহাযজ্ঞ। সেই আসরে টিকেটের মূল্য ছিল ২৫ ডলার থেকে ৪৭৫ ডলারের মধ্যে। আর গতবার কাতারে টিকেটের মূল্য ঘোষণা করা হয়েছিল সর্বনিম্ন ৭০ ডলার ও সর্বোচ্চ এক হাজার ৬০০ ডলার।
