ভিয়ারেয়াল ও অ্যাস্টন ভিলা ম্যাচেও রদ্রিকে পাচ্ছে না সিটি
গুরুতর চোটে গত মৌসুমের বেশিরভাগ সময় বাইরে কাটানোর পর, মাঠে ফিরলেও ভোগান্তি শেষ হচ্ছে না এই মিডফিল্ডারের।
হ্যামস্ট্রিংয়ের চোট থেকে এখনও সেরে ওঠেননি রদ্রি। ফলে সামনের দুই ম্যাচেও এই স্প্যানিশ মিডফিল্ডারকে পাবে না ম্যানচেস্টার সিটি।
অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টের (এসিএল) চোটে গত মৌসুমের প্রায় পুরোটা সময় বাইরে ছিলেন ২৯ বছর বয়সী রদ্রি। গত মৌসুমের শেষদিকে মাঠে ফিরলেও, তার ফিটনেস সমস্যা এখনও রয়ে গেছে। ফলে চোট পাচ্ছেন বারবার।
সবশেষ গত ৫ অক্টোবর ব্রেন্টফোর্ডের বিপক্ষে সিটির ১-০ গোলে জয়ের ম্যাচে প্রথমার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। এরপর স্পেনের বিশ্বকাপ বাছাইপর্বের স্কোয়াড থেকেও ছিটকে যান।
গত শনিবার প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে সিটির ২-০ গোলে জয়ের ম্যাচেও খেলতে পারেননি রদ্রি।
চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার ভিয়ারিয়ালের বিপক্ষে ও আগামী রোববার অ্যাস্টন ভিলার মাঠে খেলবে সিটি। এই দুই ম্যাচে ব্যালন দ’র জয়ী মিডফিল্ডারকে পাওয়া যাবে না বলে জানিয়েছেন সিটি কোচ পেপ গুয়ার্দিওলা।
“আমি মনে করি না ভিয়ারেয়াল বা অ্যাস্টন ভিলার বিপক্ষে তার খেলার সম্ভাবনা আছে। সমস্যাটা গুরুতর কিছু নয়, কিন্তু পেশির চোটে সবসময় সতর্ক থাকতে হয়। আমরা ঝুঁকি না নিতে অনেকবার চেষ্টা করেছি, তারপরও ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারিনি। তাই দেখা যাক, কী হয়।”
৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে শীর্ষে আছে আর্সেনাল। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে সিটি।
