আতলেতিকো মাদ্রিদের গ্রেট অধিনায়ক কলার আর নেই
৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্পেনের সাবেক এই লেফট উইঙ্গার।
পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে চলে গেলেন আতলেতিকো মাদ্রিদকে সবচেয়ে বেশি সময় নেতৃত্ব দেওয়া এনরিক কলার। ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্প্যানিশ এই লেফট উইঙ্গার।
লা লিগার ক্লাব আতলেতিকোকে ১০ বছর নেতৃত্ব দেন কলার। ১৯৫৩ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত দলটির জার্সিতে ৪৭০ ম্যাচ খেলেন তিনি।
স্পেনের হয়ে ১৬টি ম্যাচে মাঠে নামেন কলার। ১৯৬২ সালের বিশ্বকাপেও জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন তিনি।
কলারের নেতৃত্বেই আতলেতিকো প্রথম কোনো ইউরোপিয়ান শিরোপা জেতে; ১৯৬২ সালে উয়েফা কাপ উইনার্স কাপের ট্রফি ঘরে তোলে স্প্যানিশ ক্লাবটি। এছাড়া ১৯৬৫-৬৬ মৌসুমে স্পেনের শীর্ষ লিগ জেতে আতলেতিকো।
কলারের মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে আতলেতিকো। তার সম্মানে ঘরের মাঠ মেত্রোপলিতানো স্টেডিয়ামে পতাকা অর্ধনমিত রেখেছে ক্লাবটি।
