বিশ্বকাপে চোখ রেখে পুনর্বাসন শুরু নেইমারের
সফল অস্ত্রোপচারের পর পুরোপুরি ফিট হওয়ার জন্য লড়াই করছেন ৩৪ বছর ছুঁইছুঁই এই ফুটবলার।
‘দলে ফিরতে হলে পুরোপুরি ফিট হতে হবে’ কোচের এই বার্তা মেনে আগামী বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করার কাজ শুরু করেছেন নেইমার। হাঁটুতে সফল অস্ত্রোপচারের পর শুরু হয়েছে ব্রাজিলের তারকা ফরোয়ার্ড পুনর্বাসন প্রক্রিয়া।
একের পর এক চোটের থাবায় জর্জরিত নেইমারের ক্যারিয়ারের। এই কারণেই ২০২৩ সাল থেকে ব্রাজিলের হয়ে কোনো ম্যাচ খেলতে পারেননি। তবে আসছে বিশ্বকাপে খেলার আশা ছাড়ছেন না তিনি।
বাঁ হাঁটুর সমস্যায় সমাধানে গত ২২ ডিসেম্বর অস্ত্রোপচার করান নেইমার। মাঠে ফিরতে এখন পুনর্বাসন শুরু করেছেন তিনি।
বিশ্বকাপে চোখ রেখে সম্প্রতি সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন নেইমার। ২০২৬ সালের শেষ পর্যন্ত দলটিতে থাকবেন তিনি।
ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনের খবর, বৃহস্পতিবার সান্তোসের ট্রেনিং গ্রাউন্ডের জিমে কিছু শারীরিক কসরত করেছেন ৩৪ বছর ছুঁইছুঁই নেইমার।
২০২৩ সালে জাতীয় সময় বাঁ দলের হয়ে খেলার হাঁটুর এসিএল ও মেনিসকাসে চোট পান নেইমার। সেই সমস্যা কাটিয়ে ওঠার পরও কয়েক দফায় চোট থাবা দেয় তার শরীরে। তাই পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি তিনি কখনো।
২০২৫ সালে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন নেইমার। এখানেও সময়টা তার খুব ভালো কাটেনি। চোট হানা দিয়েছে, জড়িয়েছেন বিতর্কে। তবে চোট নিয়েই দলের শেষ পাঁচ ম্যাচে করেছেন পাঁচ গোল, যার একটিতে হ্যাটট্রিক। ব্রাজিলের শীর্ষ লিগে সান্তোসের টিকে থাকায় যে পারফরম্যান্স রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
সবশেষ যখন চোট পান, পুরোপুরি ভেঙে পড়েন নেইমার। অবসরের কথাও নাকি ওই সময় ভেবেছিলেন তিনি। তবে এখন ভাবনা বদলে গেছে তার। নতুন উদ্যমে শুরু করে করেছেন তিনি ফেরার লড়াই।
গত অক্টোবরে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, দলে ফিরতে হলে পুরোপুরি ফিট হতে হবে নেইমারকে। সেই চ্যালেঞ্জ নিয়ে নিজেকে প্রস্তুত করছেন তিনি।
বার্সেলোনা ও পিএসজির সাবেক ফরোয়ার্ড নেইমার আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। জাতীয় দলের হয়ে তিনি করেছেন ৭৯ গোল। ব্রাজিলের জার্সিতে তিনটি বিশ্বকাপ খেলেছেন তিনি।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় বিশ্বকাপে ‘সি’ গ্রুপে পড়েছে ব্রাজিল। সেখানে তাদের প্রতিপক্ষরা হলো মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।
আগামী ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ পুনরুদ্ধারের অভিযান শুরু করবে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
