২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বার্সেলোনার বিপক্ষে ম্যাচ মানেই একটা ফুটবল উৎসব’

লামিনে ইয়ামালের বিপক্ষে লড়ার সুযোগ হাতছাড়া হওয়াতেও বেশ হতাশ স্লাভিয়া প্রাহার কোচ।

‘বার্সেলোনার বিপক্ষে ম্যাচ মানেই একটা ফুটবল উৎসব’
স্লাভিয়া প্রাহার কোচ ইন্দ্রিশ ত্রপিসোভস্কি। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2026, 10:21 PM

Updated : 26 Aug 2026, 05:36 PM

শক্তির বিচারে দুই দলের মাঝে পার্থক্য আকাশছোঁয়া। চলতি মৌসুমে পারফরম্যান্সের বিচারেও তেমনই। তাই হয়তো, বার্সেলোনার বিপক্ষে খেলার সুযোগটাকেই অনেক বড় করে দেখছেন স্লাভিয়া প্রাহার কোচ ইন্দ্রিশ ত্রপিসোভস্কি।

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার ঘরের মাঠে কাতালান ক্লাবটির মুখোমুখি হবে প্রাহা। বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে ম্যাচটি।

আসরে ছয় ম্যাচ খেলে এখন পর্যন্ত একটিও জিততে পারেনি প্রাহা। তিন ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে আছে ৩৬ দলের মধ্যে ৩৩তম স্থানে। আর বার্সেলোনা তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে আছে সরাসরি নকআউট পর্ব নিশ্চিত করার লড়াইয়ে, আপাতত আছে ১৫ নম্বরে।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ জয়ের পর, সবশেষ ম্যাচে লা লিগায় রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় বার্সেলোনা। তবে প্রতিপক্ষের ওই এক ম্যাচের পরাজয়ে নিজেদের জন্য বাড়তি কোনো সুবিধা দেখছেন না ত্রপিসোভস্কি। আগের দিন সংবাদ সম্মেলনে চেক রিপাবলিকের দলটির কোচ বরং আরও বেশি সতর্ক হওয়ার প্রয়োজন দেখছেন।

“চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে বার্সেলোনার এখনকার অবস্থান আমাদের কোনো সুবিধা দেবে কিনা, জানি না। অনেকে বলে, বড় দল কখনও টানা দুই ম্যাচ হারে না। আর তাই আমার মনে হয়, এই ম্যাচের আগে তারা (ঘুরে দাঁড়াতে) বাড়তি প্রেরণা পাবে। বার্সেলোনার বিপক্ষে খেলা মানেই একটা ফুটবল উৎসব।”

নিষেধাজ্ঞার কারণে আসছে ম্যাচটিতে খেলতে পারবেন না বার্সেলোনার তারকা ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। এমন একজনের বিরুদ্ধে লড়াইয়ের সুযোগ হাতছাড়া হওয়াতেও হতাশ ত্রপিসোভস্কি।

“লামিনে ইয়ামাল ম্যাচটিতে থাকবে না, ব্যাপারটা হতাশার। আমি হতাশ যে, কিছু খেলোয়াড় এমন এক ফুটবলারের মুখোমুখি হওয়ার সুযোগ পাবে না।”