০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

জর্ডানকে আবার হারাল বাংলাদেশ

এবারের জয়ে জোড়া গোল করেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলের ফরোয়ার্ড আলপি আক্তার।

জর্ডানকে আবার হারাল বাংলাদেশ
জর্ডানকে হারানো ম্যাচে সতীর্থদের সাথে গোল উদযাপন আলপি আক্তারের। ছবি: বাফুফে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Sep 2026, 11:40 PM

Updated : 17 Sep 2026, 02:59 AM

এএফসি অনূর্ধ্ব-১৭ উইমেন’স এশিয়ান কাপের বাছাই শুরুর আগে জর্ডানের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ। এবার জোড়া গোল করেছেন আলপি আক্তার।

আম্মানে রোববার দ্বিতীয় ম্যাচটি ২-০ গোলে জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জর্ডানকে ৫-০ গোলে হারিয়েছিল দল। 

বাছাইয়ে বাংলাদেশ ‘জি’ গ্রুপে আছে ফিলিপিন্স ও উজবেকিস্তানের সাথে। এই গ্রুপের ম্যাচগুলোর আয়োজক উজবেকিস্তান। আগামী ৮ অক্টোবর স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাই শুরু করবে বাংলাদেশ। ১১ অক্টোবর মুখোমুখি হবে ফিলিপিন্সের।

এই দুটি প্রীতি ম্যাচের পারফরম্যান্সে ইতিবাচক দিকই বেশি দেখছেন কোচ সাইফুল বারী টিটু। বাফুফের মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেছেন, কাকে কী দায়িত্ব দিবেন, তার ধারণা তিনি পেয়ে গেছেন।

“প্রথম ম্যাচের চেয়ে এ ম্যাচটি আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে, যেটি আমার মনে হয় দরকার ছিল। জর্ডান প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারায় ওরা এই ম্যাচে শক্তভাবে ফিরে আসতে চেয়েছিল। প্রথমার্ধে আমরা ভালো খেলেছি। মনে হয়, দ্বিতীয়ার্ধে আরও বেশি কিছু দেওয়ার ছিল। দ্বিতীয়ার্ধে মেয়েদের প্রচেষ্টার কমতি ছিল। 

“তবে, সব মিলিয়ে, জর্ডানের বিপক্ষে দুই প্রীতি ম্যাচে আমাদের পারফরম্যান্স ভালোই হয়েছে। আমরা দুটি ম্যাচ জিতলেও তারা আমাদের কঠিন সময়ের মুখোমুখি করিয়েছে। এতে করে মূল টুর্নামেন্টে আমি কোন খেলোয়াড়কে কীভাবে কাজে লাগাব, সেটা বুঝতে কাজে দিবে।”