২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের আগে মেসিকে বাড়তি বিশ্রাম দেবেন না মাসচেরানো

৩৮ বছর বয়সী লিওনেল মেসির বাড়তি বিশ্রামের প্রয়োজন দেখেন না ইন্টার মায়ামি কোচ সাবেক আর্জেন্টাইন তারকা হাভিয়ের মাসচেরানো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2026, 11:00 AM

Updated : 26 Aug 2026, 03:13 PM

বিশ্বকাপ চলার সময় লিওনেল মেসির বয়স হবে ৩৯। তার ফর্ম ও ফিটনেস দেখে যদিও বোঝার উপায় নেই, তবে শরীর তো আর যন্ত্র নয়! বিশ্বকাপের আগে তার পর্যাপ্ত বিশ্রামের ব্যাপারটি তাই আলোচনায় উঠতে শুরু করেছে। ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো অবশ্য বাড়তি বিশ্রামের প্রয়োজনই দেখছেন না। তার মতে, মাঠে থাকলেই বরং মেসির শরীর বেশি ভালো থাকে।

আগামী ১১ জুন জুন শুরু হবে এবারের বিশ্বকাপ। শিরোপা ধরে রাখার অভিযানে আর্জেন্টিনার প্রস্তুতি পর্বও শুরু হয়ে যাচ্ছে। আগামী শুক্রবার মৌরিতানিয়া বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা, ৩১ মার্চ তাদের প্রতিপক্ষ জাম্বিয়া।

এই ম্যাচ দুটিতে খেলবেন মেসি। আগামী বিশ্বকাপে খেলার কথা অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা করেননি তিনি। বরং প্রতিটি ম্যাচ ধরে এবং সময়ের সঙ্গে শরীরের অবস্থা বুঝে এগোনোর কথাই বলে আসছেন বারবার। তবে চোট-টোট না পেলে তিনি যে বিশ্বকাপে খেলবেন, সেটা নিয়ে সংশয়ের অবকাশ নেই।

জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার আগে ইন্টার মায়ামির হয়ে রোববার মাঠে নামেন মেসি। নিউ ইয়র্ক সিটির বিপক্ষে দলের জয়ে একটি গোল করেন, যেটি তার ক্যারিয়ারের ৯০১তম গোল।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে মেসির বিশ্রামের প্রসঙ্গটি উঠল। লাল কার্ডের কারণে মাসচেরানো ডাগআউটে থাকতে না পারায় অনলাইনে সংবাদ সম্মেলনটি হয়। মায়ামি কোচ বললেন, বিশ্বকাপ সামনে থাকলেও মেসিকে বাড়তি বিশ্রাম দেওয়া জরুরি নয়।

“আমরা যতটা সম্ভব চেষ্টা করি তার দেখভাল ভালোভাবে করার ও যত্ন নেওয়ার। সে এমন একজন ফুটবলার, যে আসলে মাঠে খেলতে নামলেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এবং আমরা জানি, খেলতে থাকলে তার শরীরে কী প্রভাব পড়ে…।”

“এই মুহূর্তে সে জাতীয় দলে যোগ দিতে যাচ্ছে। ফেরার পর আমরা প্রতিদিন তার শারীরিক অবস্থার ওপর নজর রাখব। বলার অপেক্ষা রাখে না, আমাদের লক্ষ্যগুলো অর্জন করতে হলে সে আমাদের জন্য অপরিহার্য একজন। সত্যি বলতে, তাকে ছাড়া আমাদের জন্য নির্ধারিত লক্ষ্যে পৌঁছানো অসম্ভব।”

বিশ্বকাপের আগে মেসিকে নিয়ে বাড়তি ভাবনা বা সতর্কতার ব্যাপারটি যে আলোচনায় আসবেই, তা মানছেন মাসচেরানো। তবে কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপ থেকে বিদায় নেওয়ায় মায়ামি আপাতত শুধু মেজর লিগ সকারেই খেলছে। তাই মেসির ওপর চাপ বেশি পড়বে না, পরিষ্কার করে দিলেন মাসচেরানো। 

“আমরা এটাও বুঝি যে, (বিশ্বকাপের আগে) সে একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। কিন্তু যেমনটা আগেও বলেছি, তাকে যেভাবে চিনি এবং তাকে নিয়ে আমাদের অনেক সিদ্ধান্তই যেহেতু পারস্পরিক সম্মতির ভিত্তিতে নেওয়া হয়, তাই আমাদের যোগাযোগের পথ খোলা রাখতে হবে, তার শারীরিক অবস্থা এবং সে কেমন অনুভব করছে, এই বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখতে হবে।” 

“আমার মনে হয় না, আগামী দুই মাসে মাঝসপ্তাহে খুব বেশি ম্যাচ আমাদের নির্ধারিত আছে। মাত্র দুই বা তিন সপ্তাহ আছে, হয়তো হতে পারে এমন। অন্যথায় প্রতি সপ্তাহে একটি করে ম্যাচ খেলার সূচিই থাকবে। তাই যখনই আমরা তাকে দলে পাব, আমাদের জন্য সেটি হবে দারুণ প্রেরণার।”