১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজশাহীর বিশাল জয়ে তহুরার হ্যাটট্রিক

প্রথমবার এএফসি উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিয়ে শেষটা অন্তত সুখকর হলো বাংলাদেশের চ্যাম্পিয়নদের।

রাজশাহীর বিশাল জয়ে তহুরার হ্যাটট্রিক
তহুরা খাতুন। ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2026, 06:27 PM

Updated : 16 Sep 2026, 12:59 PM

পরের ধাপে ওঠার আশা আগেই শেষ হয়ে যাওয়ায়, শেষটা অন্তত ভালো করার লক্ষ্য ছিল রাজশাহী স্টার্সের। সেই চাওয়া পূরণ হয়েছে তাদের। প্রথমবারের মতো এএফসি উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যাওয়া দলটি তহুরা খাতুনের হ্যাটট্রিকে বিশাল ব্যবধানে জয় পেয়েছে।

মালয়েশিয়ার লিকাস স্টেডিয়ামে গুয়ামের রোভার্স এফসিকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে গোলাম রব্বানীর দল।

আক্রমণাত্মক ফুটবলে ‎শুরু থেকে প্রতিপক্ষের ওপর চাপ বাড়ান তহুরা-মনিকারা। গোলের দেখা মিলে যায় তৃতীয় মিনিটেই। ডিফেন্ডার শামসুন্নাহারের লং শট আটকাতে গিয়ে তালগোল পাকান রোভার্সের গোলকিপার দেসেহা মেন্দিওলা এবং বল জড়ায় জালে।

১৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তহুরা খাতুন। সুলতানার পাস বক্সে পেয়ে টোকায় বল জালে পাঠান তিনি। ২৫তম মিনিটে তার দ্বিতীয় গোলে ৩-০ গোলে এগিয়ে বিরতিতে যায় রাজশাহী।

দ্বিতীয়ার্ধে একের পর এক গোল করে প্রতিপক্ষকে ঘুরে দাঁড়ানোর সুযোগই দেয়নি বাংলাদেশের নারী লিগের চ্যাম্পিয়নরা।

৫২তম মিনিটে মনিকা চাকমার পাস পেয়ে কোনাকুনি শটে গোল করেন স্বর্ণা রানী। এক মিনিট পরই ব্যবধান ৫-০ করেন মনিকা চাকমা। আর ৬০তম মিনিটে ৱহ্যাটট্রিক পূর্ণ করেন তহুরা। 

‎৭১তম মিনিটে শামসুন্নাহার সিনিয়র ও যোগ করা সময়ে শামসুন্নাহার জুনিয়রের লক্ষ্যভেদে দাপুটে জয়ের আনন্দে আসর শেষ হয় রাজশাহীর।

ভারতের দল ইস্ট বেঙ্গলের বিপক্ষে ৪-০ গোলে হেরে যাত্রা শুরুর পর, সাবাহ এফসির বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে পরের ধাপে ওঠার আশা শেষ হয়ে যায় গোলাম রব্বানী ছোটনের দলের।