২০২৬ ফুটবল বিশ্বকাপ
Published : 20 May 2026, 08:38 PM
ফের্মিন লোপেসকে ঘিরে জাগা শঙ্কাই সত্যি হলো। চোটের থাবায় শুরুর আগেই শেষ হয়ে গেল তার বিশ্বকাপে খেলার স্বপ্ন। উত্তর আমেরিকা আসর থেকে ছিটকে পড়ার কথা নিজেই জানালেন স্প্যানিশ এই মিডফিল্ডার।
গত রোববার রেয়াল বেতিসের বিপক্ষে ৩-১ গোলে জেতা লা লিগার ম্যাচে চোট পান বার্সেলোনার লোপেস। পরদিন কাতালান ক্লাবটি জানায়, তার বাঁ পায়ের পঞ্চম মেটাটারসালে চিড় ধরা পড়েছে, দ্রুত করাতে হবে অস্ত্রোপচার।
অস্ত্রোপচার ভালোভাবে শেষ হওয়ার কথা বুধবার ইনস্টাগ্রাম পোস্টে জানান ২৩ বছর বয়সী লোপেস।
“অস্ত্রোপচার সফল হয়েছে। শারীরিক ও মানসিকভাবে আরও শক্তিশালী হয়ে মাঠে ফেরার জন্য মুখিয়ে আছি। জীবন ও ফুটবল কখনও কখনও এমন সময়ে নিষ্ঠুর রূপ নেয়, যখন সেটা ধারণায়ও থাকে না কিংবা আপনার সেটা প্রাপ্যও নয়।”
“তবে মেনে নিতে হবে যে, এটাও যাত্রাপথের একটি অংশ। এটা আমার জন্য খুব কঠিন সময় এবং ক্যারিয়ারে আরও একটি চ্যালেঞ্জ, যা নিশ্চিতভাবেই আমি কাটিয়ে উঠব। এখন ঘরে বসে জাতীয় দল এবং আমার সতীর্থদের সমর্থন করার সময়।”
২০২৪ সালে জাতীয় দলে অভিষেক হওয়া লোপেস এখন পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে সাতটি ম্যাচ খেলেছেন। গত মাসে সার্বিয়া ও মিশরের বিপক্ষে স্পেনের সবশেষ দুটি ম্যাচেও খেলেছেন তিনি।
বার্সেলোনার জার্সিতে চলতি মৌসুম দারুণ কেটেছে লোপেসের। ক্লাবের লা লিগা শিরোপা ধরে রাখার অভিযানে ৩০ ম্যাচ খেলে ৬টি গোল ও ৯টি অ্যাসিস্ট করেন তিনি। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৮ ম্যাচে তার গোল ১৩টি, অ্যাসিস্ট ১৭টি।
আগামী সোমবার বিশ্বকাপের দল ঘোষণা করার কথা রয়েছে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের। জায়গা পাওয়ার আশায় ছিলেন লোপেস। সম্ভাবনাও ছিল উজ্জ্বল। কিন্তু চোট ভেঙে দিল তার সেই স্বপ্ন।
২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন আগামী ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে। ‘এইচ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ সৌদি আরব ও উরুগুয়ে।