‘ফ্রান্স দলে এমবাপের না থাকার পেছনে রেয়ালের হাত নেই’
ফ্রান্স কোচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নিজের সিদ্ধান্তে এমবাপেকে আসছে দুই ম্যাচের দলে রাখেননি তিনি।
চোট থেকে সেরে ওঠার পরও উয়েফা নেশন্স লিগের ফ্রান্স দলে কিলিয়ান এমবাপের না থাকাটা একদমই ভালোভাবে নেয়নি সমর্থকরা। চলছে বিস্তর আলোচনা-সমালোচনা। এমবাপেকে দেশের হয়ে না খেলতে রেয়াল মাদ্রিদ কোনো চাপ দিয়েছে কি-না, সামনে আসছে এমন প্রশ্নও। তবে এসব আলোচনা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ে দেশম।
বিশ্বকাপজয়ী কোচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কারো কোনো প্রভাবে নয়, নিজের সিদ্ধান্তেই এমবাপেকে আসছে দুই ম্যাচের দলে রাখেননি তিনি।
গত ২৪ সেপ্টেম্বর লা লিগায় আলাভেসের বিপক্ষে ৩-২ গোলে জেতা ম্যাচে বাম পায়ের ঊরুর পেশিতে চোট পান এমবাপে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। কিন্তু দ্রুতই সেরে ওঠেন তিনি।
সবাইকে অবাক করে গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে লিলের বিপক্ষে ১-০ গোলে হারা ম্যাচে শেষ ৩৫ মিনিট খেলেন এমবাপে। পরে লা লিগায় ভিয়ারেয়ালের বিপক্ষে ফেরেন রেয়ালের শুরুর একাদশে। যদিও ৭১ মিনিট পর তাকে তুলে নেন কোচ কার্লো আনচেলত্তি।
কিন্তু পরদিন নেশন্স লিগে ইসরায়েল ও বেলজিয়াম ম্যাচের জন্য এমবাপেকে ছাড়াই ২৩ সদস্যের দল ঘোষণা করেন দেশম। তখন তিনি পুরোপুরি সেরে ওঠার জন্য তারকা ফরোয়ার্ডকে বিশ্রাম দেওয়ার কথা বলেছিলেন।
কিন্তু অধিনায়ককে দলে না দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ফরাসি সমর্থকরা। উঠতে শুরু করে দেশের প্রতি এমবাপের নিবেদন নিয়ে প্রশ্ন। জাতীয় দলের অধিনায়ক হয়েও ‘ক্লাবকে বেশি গুরুত্ব দেওয়ার’ অভিযোগ তুলে প্রবল সমালোচনা করা হয় তার।
বুদাপেস্টে বৃহস্পতিবার ইসরায়েলের মুখোমুখি হবে ফ্রান্স। আগের দিন সংবাদ সম্মেলনে দেশম তুলে ধরেন, এমবাপেকে বাদ দেওয়ার কারণ।
“রেয়াল মাদ্রিদের কাছ থেকে কোনো অনুরোধ আসেনি। সিদ্ধান্তটা আমার।”
‘তার কাছে থাকা তথ্যের ভিত্তিতে’ এমবাপেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন দেশম। তুলে ধরেন বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ডের ভিয়ারিয়াল ম্যাচে ‘শতভাগ ফিট না থাকার’ কথাও।
এমবাপের অনুপস্থিতিতে ইসরায়েলের বিপক্ষে ফ্রান্সকে নেতৃত্ব দেওয়ার ভার পড়েছে অহেলিয়া চুয়ামেনির কাঁধে। রেয়াল ও জাতীয় দলের সতীর্থ এমবাপের সঙ্গে কথা হয়েছে তার। স্প্যানিশ ক্লাবের পক্ষ থেকে এমবাপেকে নিয়ে কোনো চাপ না দেওয়ার কথা বলেন তিনিও।
“আমি এ বিষয়ে কিলিয়ান ও ফেরলদ মঁদির সঙ্গে কথা বলেছি এবং এমনটা (রেয়ালের চাওয়ায় এমবাপেকে দলে না রাখা) কখনোই ঘটেনি। কিলিয়ানের শারীরিক সমস্যা আছে। ক্লাবের পক্ষ থেকে কোনো চাপ নেই।”
আসছে দুই ম্যাচের দলে লেফট-ব্যাক মঁদিকেও রাখেননি ফ্রান্স কোচ। মূলত পারফরম্যান্সে অধারাবাহিকতার কারণেই ডাক পাননি রেয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার।
নেশন্স লিগে এর পরের ম্যাচে আগামী সোমবার বেলজিয়ামের মুখোমুখি হবে ফ্রান্স।
