ফ্লিকের চোখে এবারের বার্সেলোনা ‘আরও শক্তিশালী’
স্কোয়াডের গভীরতায় সন্তুষ্ট বার্সেলোনা কোচ।
প্রতিটি পজিশনের জন্যই আছে একাধিক বিকল্প, তরুণ ফুটবলারদেরও বেড়েছে অভিজ্ঞতা। তাতে যেন দল নিয়ে আত্মবিশ্বাসও বেড়ে গেছে হান্সি ফ্লিকের। বার্সেলোনা কোচ এবারের স্কোয়াডকে গত মৌসুমের চেয়ে আরও বেশি শক্তিশালী মনে করছেন।
গ্রীষ্মের দলবদলে ম্যানচেস্টার সিটি থেকে স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক রদ্রিকে দলে নিয়েছে বার্সেলোনা। মাঝমাঠের পাশাপাশি রক্ষণে প্রভাব বিস্তারি পারফরম্যান্স করে বিশ্বকাপের সেরা ফুটবলার ছিলেন তিনি।
এছাড়া নিউক্যাসল ইউনাইটেড থেকে ইংলিশ উইঙ্গার অ্যান্থনি গর্ডন, আর্সেনাল থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুসকে দলে টেনেছে বার্সেলোনা। আক্রমণভাগের শক্তি বাড়াতে কারিম আডেইয়েমি, হামজা আব্দেলকারিমকেও নিয়েছে কাতালান ক্লাবটি।
রক্ষণভাগে জোয়াও কান্সেলো, শাভি এস্পার্তকে দলে যোগ করেছে বার্সেলোনা। ক্রোয়াট গোলরক্ষক দমিনিক লিভাকোভিচকেও দলে ভিড়িয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। সঙ্গে লামিন ইয়ামাল, হাফিনিয়া, পেদ্রি, গাভি, পাউ কুবার্সি, এরিক গার্সিয়ারা তো আছেনই।
মৌসুমে এখন পর্যন্ত দারুণ ছন্দে ছুটছে বার্সেলোনা। একমাত্র দল হিসেবে সব ম্যাচ জিতে লা লিগায় আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। চ্যাম্পিয়ন্স লিগও শুরু করেছে তারা জয় দিয়ে। আর একের পর এক ম্যাচে তাদের গোল উৎসব তো চলছেই।
সমর্থকদের মতো ফ্লিকও দলের পারফরম্যান্সে দারুণ খুশি। লা লিগায় রোববার লেভান্তের মুখোমুখি হবে বার্সেলোনা। আগের দিন সংবাদ সম্মেলনে নিজ দলের বেঞ্চের শক্তি নিয়ে উচ্ছ্বাস ঝরে ফ্লিকের কণ্ঠে।
“গত বছরের তুলনায় এবারের দলটি ভালো। আমরা আক্রমণভাগ নিয়ে অনেক কথা বলি, কারণ তারা অনেক গোল করে। কিন্তু আমার কাছে রক্ষণও খুব গুরুত্বপূর্ণ। আমি দেখছি, সবাই চমৎকার পারফর্ম করছে।”
বিশ্বকাপে স্পেনের রক্ষণ সামলানোয় দারুণ অবদান রেখে আসরের সেরা তরুণ ফুটবলার নির্বাচিত হন কুবার্সি। ১৯ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডারের প্রশংসা আলাদাভাবে করেন ফ্লিক।
“বিশ্বকাপের পর কুবার্সি ভিন্ন পর্যায়ে খেলছে। আমি খুব খুশি। তার আত্মবিশ্বাস আছে এবং সে নিজের শরীরের ব্যাপারেও মনোযোগী। শারীরিকভাবে, বিশেষ করে তার পজিশনের জন্য, সে উন্নতি করেছে। ক্রিস্টেনসেন কিংবা জেরার্দ, যার পাশেই খেলুক না কেন, বল পায়ে সে দুর্দান্ত খেলছে। আমরা দারুণ কাজ করেছি।”
