১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ভালেন্সিয়ার জালে বার্সেলোনার গোল উৎসব

জোড়া গোল করেছেন লামিন ইয়ামাল, একবার করে জালের দেখা পেয়েছেন হাফিনিয়া, পেদ্রি ও ফের্মিন লোপেস।

বিডিনিউজ২৪

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Sep 2026, 10:41 PM

Updated : 17 Sep 2026, 02:55 AM

আক্রমণের জোয়ারে ভালেন্সিয়াকে যেন ভাসিয়ে দিতে চাইল বার্সেলোনা। তৈরি করল অনেক সুযোগ, হাতছাড়াও হলো কিছু। এরপরও গোল উৎসবে শীর্ষস্থান সুসংহত করল হান্সি ফ্লিকের দল। 

লা লিগার ম‍্যাচে রোববার ৫-০ গোলে জিতেছে বার্সেলোনা। এবার স্পেনের শীর্ষ লিগে কেবল তারাই ধরে রেখেছে শতভাগ জয়ের ধারা।

জোড়া গোল করেছেন ম‍্যাচের আগে আলাদা অনুশীলন করা লামিন ইয়ামাল। জালের দেখা পেয়েছেন বার্সেলোনা অধিনায়ক হাফিনিয়া, সহ-অধিনায়ক পেদ্রি ও মিডফিল্ডার ফের্মিন লোপেস। 

চার ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে বার্সেলোনা। ৯ পয়েন্ট করে নিয়ে পরের দুটি স্থানে আছে রেয়াল মাদ্রিদ ও রেয়াল বেতিস।

প্রতিপক্ষের মাঠে আক্রমণাত্মক শুরু করে বার্সেলোনা। ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় স্প‍্যানিশ চ‍্যাম্পিয়নরা। লোপেসের বাড়ানো বল সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারের চ‍্যালেঞ্জ এড়িয়ে প্রথম স্পর্শ জালে পাঠান ইয়ামাল। ঝাঁপিয়েও নাগাল পাননি ভালেন্সিয়া গোলরক্ষক স্তল দিমিত্রিয়েভস্কি। 

দুই মিনিট পর আরেকটি চমৎকার ফিনিশিংয়ে জাল খুঁজে নেন ইয়ামাল। তবে অফসাইডের জন‍্য মেলেনি গোল। 

২২তম মিনিটে ডি-বক্সের মাথা থেকে আড়াআড়ি শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন লোপেস। এর কয়েক সেকেন্ড আগে উল্টো গোল পেতে পারত ভালেন্সিয়া। কিন্তু ডি বক্সে আর্নট দানইয়োমার নিচু ক্রস ইন্টারসেপ্ট করেন পাউ কুবার্সি, নষ্ট হয় স্বাগতিকদের দারুণ সুযোগ। সেখান থেকেই পাল্টা আক্রমণ শুরু করে বার্সেলোনা। যার সফল সমাপ্তি লোপেসের গতিময় শটে।

২৫তম মিনিটে ইয়ামালের জোরাল শট ঝাঁপিয়ে ব‍্যর্থ করে দেন ভালেন্সিয়া গোলরক্ষক। ওই কর্নারের সময়ই সতীর্থ রদ্রির মাথা লেগে যাওয়ায় চোখের নিচে চোট পান এরিক গার্সিয়া। তার জায়গায় মাঠে নামেন জুল কুন্দে। 

৩২তম মিনিটে নিজেদের ডি বক্সের সামনে মারাত্মক ভুল করে বসেন রদ্রি। এতে সুযোগ পেয়ে যান দানইয়োমা। তবে বেরিয়ে এসে তার শট কোনোমতে ঠেকিয়ে দিয়ে ব‍্যবধান কমতে দেননি জোয়ান গার্সিয়া।

পাঁচ মিনিট পর ইয়ামালের শট বেরিয়ে যায় কাছের পোস্ট ঘেঁষে। ৩৯তম মিনিটে লোপেসের শট গোলরক্ষকের পা ছুঁয়ে ব‍্যর্থ হয় পোস্টে লেগে! 

প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কাছের পোস্টে দানইয়োমার শট ঠেকিয়ে দেন বার্সেলোনা গোলরক্ষক। দুই মিনিট পর ইয়ামালের শট পা বাড়িয়ে কোনোমতে রুখে দেন দিমিত্রিয়েভস্কি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেতে পারতেন অ‍্যান্থনি গর্ডন। ৪৮তম মিনিটে একটুর জন‍্য শট লক্ষ‍্যে রাখতে পারেননি ইংলিশ উইঙ্গার। 

দুই মিনিট পরেই স্কোর লাইন ৩-০ করে ফেলেন হাফিনিয়া। ইয়ামালের পাস পেয়ে গোলমুখে বল বাড়ান লোপেস। আলতো টোকায় ফাঁকা জাল খুঁজে নেন বার্সেলোনা অধিনায়ক।

নতুন মৌসুমে দলের প্রথম চার ম‍্যাচেই গোল পেলেন হাফিনিয়া। আসরে তার গোল হলো ছয়টি। লা লিগায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এটি ৫০তম গোল। 

৫৫তম মিনিটে রদ্রির হেড ফেরে ক্রসবারে লেগে। চার মিনিট পর লোপেসের শট ঠেকান ভালেন্সিয়া গোলরক্ষক। দুই মিনিট পর আরেকটি সুযোগ হাতছাড়া করেন গর্ডন। 

৬৫তম মিনিটে লোপেসের বাড়ানো বলে একটুর জন‍্য পা ছোঁয়াতে পারেননি হাফিনিয়া। 

৭৯তম মিনিটে দানি ওলমোর কাছ থেকে বল পেয়ে গতিময় শটে জাল খুঁজে নেন পেদ্রি। ঝাঁপিয়ে বলের নাগাল পাননি দিমিত্রিয়েভস্কি।

দুই মিনিট পর পেদ্রির জায়গায় মাঠে নামেন আর্সেনাল থেকে কাম্প নউয়ে আসা গাব্রিয়েল জেসুস। 

৮৪তম মিনিটে আবার জালে বল পাঠান ইয়ামাল। ঝাঁপিয়ে পড়েও নাগালের পাননি দিমিত্রিয়েভস্কি। বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।