২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আকুনার চোটে আর্জেন্টিনা দলে তরুণ সোলের

১৯ বছর বয়সী এই লেফট-ব্যাককে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য ডেকেছেন কোচ লিওনেল স্কালোনি।

আকুনার চোটে আর্জেন্টিনা দলে তরুণ সোলের
লিওনেল মেসির সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করবেন ১৯ বছর বয়সী হুলিও সোলের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2024, 06:13 PM

Updated : 10 Sep 2026, 12:19 PM

বিশ্বকাপ বাছাইয়ের দল থেকে একের পর এক ফুটবলার হারাচ্ছে আর্জেন্টিনা। সবশেষ হ্যামস্ট্রিং চোটে ছিটকে গেছেন মার্কোস আকুনা। অভিজ্ঞ এই ডিফেন্ডারের বদলে ১৯ বছর বয়সী হুলিও সোলেরকে ডেকেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

সেভিয়া ছেড়ে গত অগাস্টে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটে যোগ দেন আকুনা। ৩২ বছর বয়সী এই ফুটবলার চলতি মৌসুমে ক্লাবটির হয়ে এখনও মাঠে নামতে পারেননি। এর মাঝেই চোট হানা দিল তার শরীরে। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লেগে মাঠের বাইরে ছিটকে যান তিনি।

আগামী বৃহস্পতিবার ভেনেজুয়েলার মাঠে খেলবে আর্জেন্টিনা। পাঁচ দিন পর ঘরের মাঠে বলিভিয়ার মুখোমুখি হবে তিনবারের বিশ্বকাপ জয়ীরা। ম্যাচ দুটির জন্য গত বুধবার ঘোষিত ২৭ জনের দলে আকুনাকে রেখেছিলেন কোচ লিওনেল স্কালোনি। কিন্তু চোটের থাবায় তাকে আপাতত পাচ্ছে না দক্ষিণ আমেরিকার দলটি।

এর আগে নিকোলাস গনসালেস ও পাওলো দিবালাকে হারিয়েছে আর্জেন্টিনা।

দলে ডাক পাওয়া সোলেরের জন্ম প্যারাগুয়েতে। ছোটবেলাতেই আর্জেন্টিনায় পাড়ি জমানো এই ফুটবলার দেশটির হয়ে খেলেছেন বয়সভিত্তিক দলেও। প্যারিস অলিম্পিকসে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে সোলেরের পারফরম্যান্স নজর কাড়ে ফুটবল বিশ্বের।

এবার আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করতে যাচ্ছেন আতলেতিকো লানোসের লেফট-ব্যাক সোলের।