২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিগের দলগুলোকে ১৬-১৮ বছর বয়সী দুজনকে স্কোয়াডে রাখতে হবে

এই দুই তরুণের মধ্যে একজনকে শুরুর একাদশে অবশ্যই খেলাতে হবে-এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2024, 11:37 PM

Updated : 26 Aug 2026, 09:32 AM

উঠতি ফুটবলারদের শীর্ষ পর্যায়ে খেলার পথ মসৃণ করতে উদ্যোগী হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সংস্থাটির পেশাদার লিগ ম্যানেজমেন্ট কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, ২০২৪-২৫ মৌসুম থেকে প্রিমিয়ার লিগে প্রতিটি দলকে ১৬ থেকে ১৮ বছর বয়সী দুজন খেলোয়াড় রাখতে হবে স্কোয়াডে এবং একজনকে অবশ্যই শুরুর একাদশে খেলাতে হবে।

বাফুফে ভবনে বুধবার বৈঠকে বসে পেশাদার লিগ কমিটি। সেখানে আলোচিত কোটি টাকার সুপার কাপ ফেরানোর কথাও জানিয়েছেন কমিটির প্রধান ইমরুল হাসান। উঠতিদের সুযোগ দেওয়ার বিষয়টি অবশ্য তিনি ছেড়ে দিয়েছেন ক্লাব কর্তৃপক্ষের ওপর।

“এটি বাংলাদেশের ফুটবলে একেবারে নতুন নয়। এর আগেও ছিল। একাদশে রাখা অনূর্ধ্ব-১৮ খেলোয়াড়কে এক মিনিট না ৯০ মিনিট খেলাবে, সেটা ওই দলের কোচ ও টিম ম্যানেজম্যান্টের বিষয়।”

“আগামী বছর বাফুফে ক্যালেন্ডারে আমরা সুপার কাপের জন্য জায়গা রেখেছি। আগামী বছর লিগ শেষ হলে সুপার কাপ আয়োজন করব আমরা। সুপার কাপে কয়টি দল খেলবে তা এখনও নিশ্চিত নয়। তবে আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি প্রিমিয়ার লিগের সেরা চার দল সুপার কাপে খেলবে।”

সভায় ২০২৪-২৫ মৌসুমের বর্ষপঞ্জির অনুমোদন দেওয়া হয়েছে। স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপের বর্তমান ভেন্যুগুলোর সাথে ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়াম অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।

প্রিমিয়ার লিগের ক্লাবগুলো মোট ৩৬ জন খেলোয়াড় নিবন্ধন করতে পারবে; এর মধ্যে সর্বোচ্চ ৬ জন বিদেশি। এই ছয় বিদেশির মধ্যে একজন এশিয়ান অঞ্চলের হবে। অবশ্য কোনো দল পাঁচ জন বিদেশি দলে নিলে সেক্ষেত্রে এশিয়ান কোটার বাধ্যবাধকতা থাকবে না।