‘চ্যাম্পিয়ন্স লিগ থেকে সিটি ছিটকে পড়লে রেয়ালের জন্য ভালো’
ইংলিশ ক্লাবটিকে এখনও চ্যাম্পিয়ন্স লিগের দাবিদারদের একটি মনে করছেন কার্লো আনচেলত্তি।
ফুটবল বিশ্বের শক্তিশালী ক্লাবগুলোর একটি ম্যানচেস্টার সিটির চলতি মৌসুমটা একদমই ভালো কাটছে না। চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্ব থেকেই বাদ পড়ার শঙ্কায় পড়েছে তারা। ইউরোপ সেরার প্রতিযোগিতা থেকে ইংলিশ ক্লাবটি ছিটকে পড়লে রেয়াল মাদ্রিদের জন্য ভালো হবে বলে মনে করছেন কার্লো আনচেলত্তি।
নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা ভালো হয়নি রেয়ালেরও। নিজেদের প্রথম পাঁচ ম্যাচের তিনটিতেই হেরে যায় তারা। সবশেষ দুই ম্যাচ জিতে সরাসরি শেষ ষোলোয় খেলার আশা বাঁচিয়ে রেখেছে স্প্যানিশ ক্লাবটি।
সালসবুর্কের বিপক্ষে বুধবার ৫-১ গোলের জয়ে প্লে অফে খেলার টিকেট নিশ্চিত করেছে রেয়াল। কিন্তু এদিন পিএসজির বিপক্ষে হেরে সেই সম্ভাবনা ফিকে হয়ে গেছে সিটির। প্রতিপক্ষের মাঠে শুরুতে ২-০ গোলে এগিয়ে গিয়েও ৪-২ ব্যবধানের হার সঙ্গী হয় তাদের।
৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলে ১৬ নম্বরে আছে রেয়াল। লিগ পর্বের শীর্ষ ৮ দল সরাসরি জায়গা পাবে শেষ ষোলোয়। আর ৯ থেকে ২৪ নম্বর দল দুই লেগের প্লে-অফ উৎরে যেতে হবে শেষ ষোলোয়।
সাত ম্যাচের কেবল দুটি জিতে স্রেফ আট পয়েন্ট এখন সিটির। ৩৬ দলের আসরে তাদের অবস্থান ২৫ নম্বরে। কিছুদিন আগেও যেটা ছিল অভাবনীয়, সেটা এখন মনে হচ্ছে খুব সম্ভব। প্রাথমিক পর্ব উতরাতে ব্যর্থ হতেও পারে তারকায় ঠাসা দলটি!
সিটি ছিটকে পড়লে সেটা ভালো সংবাদ হবে কিনা, সালসবুর্ক ম্যাচ শেষে এমন প্রশ্ন করা হয় আনচেলত্তিকে। রেয়াল কোচ উত্তরে বলেন, “হ্যাঁ।”
পরে সেটার কারণও ব্যাখ্যা করেন তিনি অল্প কথায়।
“কারণ আমার কাছে এখনও ম্যানচেস্টার সিটি ফের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের দাবিদারদের একটি।”
চ্যাম্পিয়ন্স লিগের গত তিন মৌসুমে নকআউট পর্বে মুখোমুখি হয়েছিল সিটি ও রেয়াল। ২০২২ ও ২০২৪ সালে সিটিকে হারায় রেয়াল এবং শেষ পর্যন্ত ঘরে তোলে শিরোপা। আর ২০২৩ সালে ইউরোপ সেরার মুকুট প্রথমবারের মতো জিতে নেয় সিটি।
