২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যক্তিগত সেরা টাইমিং করে বাছাই থেকে বিদায় সামিউলের

১০০ মিটার ফ্রিস্টাইলে ব্যক্তিগত সেরা টাইমিং করার তৃপ্তি অবশ্য সঙ্গী হয়েছে বাংলাদেশের এই সাঁতারুর।

বিডিনিউজ২৪

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2024, 08:36 PM

Updated : 26 Aug 2026, 10:07 AM

বিশ্বের বাঘা-বাঘা সাঁতারুদের ভিড়ে বাংলাদেশের সাঁতারুদের চাওয়া-পাওয়ার হিসেব-নিকেশ মূলত নিজেদের সেরা টাইমিং ছাপিয়ে যাওয়াকে ঘিরে। প্যারিস অলিম্পিকসে হিট থেকে বিদায় নিলেও সেই আশা অন্তত পূরণ হয়েছে সামিউল ইসলাম রাফির। 

প‍্যারিসের লা ডিফঁসায় ১০০ মিটার ফ্রিস্টাইলের হিট অনুষ্ঠিত হয় মঙ্গলবার। দুই নম্বর হিটে ৫৩ দশমিক ১০ সেকেন্ড সময় নিয়ে পঞ্চম হন সামিউল। ১০ হিট মিলিয়ে ৭৯ প্রতিযোগীর মধ্যে ৬৯তম হন বাংলাদেশের এই সাঁতারু।

হিট পেরুনো ১৬ জনের মধ্যে সবশেষ প্রতিযোগী দক্ষিণ কোরিয়ার সাঁতারু হুয়াং সুনউ’র টাইমিং ৪৮ দশমিক ৪১ সেকেন্ড।

সামিউলের মূল ইভেন্ট ব্যাকস্ট্রোক। জাতীয় সাঁতারে তিনি সাফল্য পেয়েছেন এই ইভেন্টেই। কিন্তু প্যারিস অলিম্পিকসে ওয়াইল্ড কার্ড পেয়ে অংশ নেন ফ্রিস্টাইল ইভেন্টে।

গত জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে ব্যাকস্ট্রোকের তিন ইভেন্টে রেকর্ড গড়ে সোনা জেতা সামিউল গত পাঁচ মাস থাইল্যান্ডে প্রস্তুতি নেন ১০০ মিটার ফ্রিস্টাইলের জন্য। সেখানে ১৯ বছর বয়সী এই তরুণ বয়সভিত্তিক প্রতিযোগিতায় অংশ নিয়ে ৫৩ দশমিক ১৩ সেকেন্ড টাইমিং করেছিলেন, প্যারিসে এই টাইমিং ছাপিয়ে যাওয়াই মূল লক্ষ্য ছিল তার। সে চাওয়া পূরণের তৃপ্তি অন্তত সঙ্গী হয়েছে তার।