এএফসি উইমেন’স লিগে ঋতুপর্ণার নজরকাড়া গোল
দৃষ্টিনন্দন গোলে রয়্যাল থিম্পু কলেজকে ঋতুপর্না চাকমা এগিয়ে নিলেও পরে হেরেছে তার দল।
সতীর্থের পাস ধরে বক্সের অনেকটা বাইরে থেকে বাঁ পায়ের শট নিলেন ঋতুপর্ণা চাকমা। বল হাওয়ায় ভেসে কিছুটা বাঁক খেয়ে, গোলরক্ষককে ফাঁকি দিয়ে খুঁজে নিল জাল। বাংলাদেশের এই ফরোয়ার্ডকে নিয়ে উচ্ছ্বাসে মাতল তার দল রয়্যাল থিম্পু কলেজ।
ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে রোববার এএফসি উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগে ‘ডি’ গ্রুপের ম্যাচে রয়্যাল থিম্পু কলেজ মুখোমুখি হয় ইরানের বাম খাতুনের। ম্যাচটি ২-১ গোলে হেরে যায় ভুটানের দলটি।
বাম খাতুনের বিপক্ষে ম্যাচের ২৭তম মিনিটে চমৎকার গোলটি করে দলকে এগিয়ে নেন ঋতুপর্ণা। কিন্তু এই ফরোয়ার্ডের ৩০ গজের বেশি দূর থেকে লক্ষ্যভেদের উচ্ছ্বাস শেষ পর্যন্ত পূর্ণতা পায়নি। দুই গোল হজম করে হেরে যায় থিম্পু কলেজ।
থিম্পু কলেজের হয়ে খেলছেন বাংলাদেশের চার নারী ফুটবলার। ঋতুপর্না, সাবিনা খাতুন, মারিয়া মান্দা ও মনিকা চাকমা।
