দলকে বাঁচানো গোলে কেইনের ‘প্রথম' পঞ্চাশ
ক্যারিয়ারে প্রথমবার এই মাইলফলকে নিজেকে রাঙালেন দুর্দান্ত ফর্মে থাকা ফরোয়ার্ড।
গোলের স্রোতে ক্যারিয়ারের এত তীর ছুঁয়েছেন হ্যারি কেইন, নতুন করে ‘প্রথম’ কিছু অর্জন করা তার জন্য কঠিন। তেমন বিরল এক অপ্রাপ্তিই এবার ঘুচিয়ে দিলেন তিনি। বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড দেখা পেলেন অধরা ফিফটির।
বুন্ডেসলিগায় রোববার কেইনের শেষ দিকে গোলে মাইন্সের বিপক্ষে হার এড়ায় শীর্ষে থাকা বায়ার্ন। সেই গোলটিই ছিল চলতি বছরে ইংলিশ ফরোয়ার্ডের পঞ্চাশতম গোল।
সমৃদ্ধ ক্লাব ক্যারিয়ারে এই প্রথম এক পঞ্জিকাবর্ষে পঞ্চাশ গোল করার স্বাদ পেলেন ৩২ বছর বয়সী তারকা।
বায়ার্নের হয়ে সবশেষ এমন কীর্তি গড়েছিলেন রবের্ত লেভানদোভস্কি। ২০২১ সালে ৫৮টি গোল করেছিলেন পরবর্তীতে বার্সেলোনায় পাড়ি জমানো স্ট্রাইকার।
কেইনের মাইলফলকের ম্যাচটিতে প্রবল ফেভারিট হিসেবে মাঠে নেমেও হারতে বসেছিল বায়ার্ন। ঘরের মাঠে শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে তারা তলানির দল মাইন্সের সঙ্গে।
ম্যাচের ২৯তম মিনিটে শুরুতে এগিয়ে যায় বায়ার্নই। চলতি লিগে স্রেফ ১৪ ম্যাচেই ৫০ গোল হয়ে যায় বায়ার্নের। প্রথমার্ধের যোগ করা সময়ে ও পরে ৬৭তম মিনিটে গোল করে লিগের শীর্ষ দলকে চমকে দেয় মাইন্স। শেষ পর্যন্ত ৮৭তম মিনিটে কেইনের পেনাল্টি গোলে লিগে প্রথম হারের শঙ্কা দূর করে বর্তমান চ্যাম্পিয়নরা।
