বাটলারের দলে থাকছেন সাফ জয়ী ৮ জন
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের জন্য ২৩ জনের দল চূড়ান্ত করেছেন কোচ পিটার জেমস বাটলার।
অনুমিতভাবেই ১৮ ‘বিদ্রোহী’ ছাড়াই সংযুক্ত আরব আমিরাত সফরের জন্য ২৩ জনের দল ‘চূড়ান্ত করেছেন’ কোচ পিটার জেমস বাটলার। সেখানে সবশেষ সাফ জয়ী দলের আট খেলোয়াড়কে রেখেছেন জাতীয় নারী ফুটবলের দলের প্রধান কোচ।
আগামী ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ প্রীতি ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ। এ উপলক্ষে ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের উদ্দেশে রওনা দেবে দল। আনুষ্ঠানিকভাবে অবশ্য এখন দল ঘোষণা হয়নি।
গত অক্টোবরে উইমেন’স সাফ জয়ের পর এই সফর দিয়েই আন্তর্জাতিক ফুটবলের আঙিনায় ফিরতে যাচ্ছে বাংলাদেশ। মাঝের সময়টা যদিও স্বস্তিদায়ক ছিল না; বিতর্ক আর বিদ্রোহের ডামাডোলের মধ্যে ছিল নারী ফুটবল।
২৩ জনের দলে সবশেষ সাফ জয়ী দলের ইয়ারজান বেগম, মিলি আক্তার, কোহাতি কিসকু, আফঈদা খন্দকার, স্বপ্না রানী, আইরিন খাতুন, মুনকি আক্তার ও শাহেদা আক্তার রিপা- এই আট জন জায়গা পেয়েছেন।
সাবিনা-মাসুরা-মারিয়াদের সঙ্গে কোচের বিরুদ্ধে ‘বিদ্রোহে’ অংশ নেননি এদের কেউ। অনুশীলনও বয়কট করেননি তারা। শুরু থেকেই বাটলারের সাথে অনুশীলন করেছেন আফিদা-রিপারা।
অনূর্ধ্ব-২০ দলের সুরমা খাতুন, আকলিমা খাতুন, সুরভী আকন্দ প্রীতি, জয়নব বেগম, অর্পিতা বিশ্বাস, হালিমা আক্তার- এই ছয় জনও সঙ্গী হচ্ছেন দলের। বাকি ৯ জন একেবারেই নতুন মুখ।
দলে গোলরক্ষক ৩ জন, ডিফেন্ডার ৭ জন, মিডফিল্ডার ৯ জন এবং বাকি ৪ জন ফরোয়ার্ড। অধিনায়কের নাম অবশ্য চূড়ান্ত হয়নি এখনও। তবে দল সংশ্লিষ্টরা জানিয়েছেন, বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশের নেতৃত্ব দেওয়া আফঈদা খাতুনের বাহুতে থাকবে অধিনায়কের আর্মব্যান্ড।
বাংলাদেশ দল: ইয়ারজান বেগম, মিলি আক্তার, মেঘলা রানী রায়, কোহাতি কিসকু, জয়নব বিবি রিতা, আফঈদা খন্দকার, সুরমা জান্নাত, হালিমা আক্তার, স্বপ্না রানী, আইরিন খাতুন, আকলিমা খাতুন, শাহেদা আক্তার রিপা, অয়ন্ত বেলা মেহাতো, ঔশি খাতুন, তনিমা বিশ্বাস, মুনকি আক্তার, বন্যা খাতুন, সুলতানা, কানোম আক্তার, অপির্তা বিশ্বাস অর্পিতা, সুরভী আকন্দ প্রীতি, মরিয়ম বিনতে হান্না ও নবিরন খাতুন।
