২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ ট্রফি ঢাকায়, দেখার সুযোগ শুধু কোকা-কোলার ক্যাম্পেইনের জয়ীদের

সন্ধ্যায় বাংলাদেশ থেকে বিশ্বকাপ ট্রফি রওনা দেবে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে।

বিশ্বকাপ ট্রফি ঢাকায়, দেখার সুযোগ শুধু কোকা-কোলার ক্যাম্পেইনের জয়ীদের
বিশ্বকাপ ট্রফির সঙ্গে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ছবি: রয়টার্স

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2026, 01:01 PM

Updated : 26 Aug 2026, 05:33 PM

বিশ্ব পরিভ্রমণের অংশ হিসেবে ২০২৬ বিশ্বকাপের ট্রফি যাত্রা শুরু করেছিল সৌদি আরব থেকে। অনেক দেশ ঘুরে বুধবার বাংলাদেশে এসেছে ট্রফিটি। খুব বেশি সময় বাংলাদেশে থাকছে না ট্রফিটি। সন্ধ্যায় সেটি রওনা দেবে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে।

এই সংক্ষিপ্ত ভ্রমণে ট্রফিটি কাছ থেকে দেখার, ট্রফির সাথে ছবি তোলার সুযোগ অবশ্য খুব বেশি ফুটবলপ্রেমীর কপালে জুটছে না। শুধুমাত্র কোকা-কোলার ক্যাম্পেইনে বিজয়ীরাই পাবেন এই সুযোগ।

এ নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশে এলো বিশ্বকাপ ট্রফি। ২০০২ সালে প্রথম এসেছিল। এরপর ২০১৩ সালে ও সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপের আগে ট্রফি বাংলাদেশে এসেছিল। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের সময় ট্রফি আসেনি বাংলাদেশে।

কাতার বিশ্বকাপের ট্রফি নিয়ে ২০২২ সালে ফিফার প্রতিনিধি দলের সাথে বাংলাদেশে এসেছিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা ক্রিস্তিয়ঁ কাহেম্বু। এবার এসেছেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা।

গতবার বঙ্গভবন ও গণভবনে ঘুরে আসা ট্রফি আর্মি স্টেডিয়ামে ফুটবলপ্রেমীদের জন্য ট্রফি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। কিন্তু এবারের সব আয়োজন হচ্ছে সীমিত পরিসরে। 

ট্রফি ছুঁয়ে দেখার সুযোগ অবশ্য বরাবরই সীমিত। বিশ্বকাপ জয়ীরা, রাষ্ট্রপ্রধান এবং ফিফা প্রেসিডেন্টের আছে ট্রফি হাতে নেওয়ার সুযোগ। সাধারণ দর্শকের জন্য সুযোগ থাকে কাঁচে ঘেরা ট্রফি কাছ থেকে দেখার, ট্রফির সঙ্গে ছবি তোলার। এবার সে সুযোগও থাকছে না তাদের জন্য।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বকাপ ট্রফিকে ১০টার দিকে পৌঁছায়। এরপর সেখানকার আনুষ্ঠানিকতা শেষে প্রদর্শনীর জন্য নিয়ে যাওয়া হবে ঢাকার র‍্যাডিসন ব্লু হোটেলে। সন্ধ্যা পর্যন্ত এই ট্রফি থাকবে এখানে। এরপর রওনা দেবে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে।

কোকা-কোলার ক্যাম্পেইনে জয়ীদের ট্রফি দেখতে হলে কিছু নির্দেশনা মানতে হবে।

# ক্যাম্পেইনে বিজয়ীদের বৈধ টিকেটের প্রিন্ট বা সফট কপি অথবা স্ক্রিনশট দেখাতে হবে। কোনোভাবেই টিকিট হস্তান্তর, পুনরায় ব্যবহার বা শেয়ার করা যাবে না।

# কোনো অবস্থাতেই বিশ্বকাপ ট্রফি স্পর্শ করা যাবে না। 

# ব্যাকপ্যাক বহন করা যাবে, তবে সেটি ৭/১০ ইঞ্চির চেয়ে বড় হলে গ্রহণযোগ্য হবে না।

# ভেন্যুতে ধূমপান, ধারাল বা নিষিদ্ধ সামগ্রী বহন সম্পূর্ণ নিষিদ্ধ।

# কোনো দেশ বা ফুটবল দলের পতাকাও সঙ্গে আনা যাবে না।

এবারের আসর হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ। প্রথমবারের মতো এই টুর্নামেন্ট হবে তিনটি দেশে-যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। আগামী ১১ জুন আসর শুরু হয়ে শেষ হবে ১৯ জুলাই, এতে অংশ নেবে ৪৮টি দেশ। 

বৈশ্বিক ভ্রমণের অংশ হিসেবে বিশ্বকাপ ট্রফি সফর করবে ৩০টি ফিফার সদস্য দেশে, মোট ৭৫টি স্থানে।