১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

অসাধারণ রেকর্ড গড়ে কোচের প্রশংসা পেলেন ইংল্যান্ড গোলরক্ষক

ওয়েলসের ওপর ইংলিশদের আধিপত্য তৃতীয় দশকে টেনে নেওয়ার ম্যাচে রেকর্ডটি গড়েন জর্ডান পিকফোর্ড।

অসাধারণ রেকর্ড গড়ে কোচের প্রশংসা পেলেন ইংল্যান্ড গোলরক্ষক
ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2025, 03:52 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

দেশের হয়ে টানা সর্বাধিক ম্যাচে জাল অক্ষত রাখার রেকর্ডের ভাগীদার আগে থেকেই ছিলেন জর্ডান পিকফোর্ড। সবশেষ ম্যাচে ওয়েলসের বিপক্ষেও কোনো গোল হজম না করে রেকর্ডটি একার করে নেন এই ইংলিশ ফুটবলার। দারুণ ছন্দে দলের এগিয়ে যাওয়ায় অবদান রেখে চলা গোলরক্ষকের ভূয়সী প্রশংসা করেছেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে প্রীতি ম্যাচটিতে ওয়েলসকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। প্রথম ২০ মিনিটের মধ্যে গোল তিনটি করে বিজয়ীরা। 

তৃতীয় মিনিটে মর্গ্যান রজার্স দলকে এগিয়ে নেওয়ার আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ওলি ওয়াটকিন্স। তাদের শেষ গোলদাতা বুকায়ো সাকা।

ওয়েলসের ওপর ইংলিশদের আধিপত্য দুই দশক পেরিয়ে তৃতীয়তে পড়ল। এই সময়ে আটবারের মুখোমুখি লড়াইয়ে প্রতিবারই জিতেছে তারা।

আর এই ম্যাচ দিয়েই ইংল্যান্ডের জার্সিতে টানা আট ম্যাচ জাল অক্ষত রাখার নতুন রেকর্ড গড়লেন পিকফোর্ড। আগের রেকর্ডটিতে এতদিন ইংলিশ গ্রেট গর্ডন ব্যাঙ্কসের পাশে ছিলেন এভারটনের এই গোলরক্ষক।

গত জানুয়ারিতে ইংল্যান্ড দলের দায়িত্ব নেওয়া টুখেল ম্যাচের পর পিকফোর্ডের উচ্ছ্বসিত প্রশংসা করেন। বিশেষ করে প্রথম অর্ধে তাদের আক্রমণভাগ যেভাবে ছড়ি ঘুরিয়েছে, তাতে অতিরিক্ত নির্ভার হয়ে পড়লে আচমকা কোনো ভুল হতেই পারতো।

“প্রথমার্ধে নিজেদের অমন আধিপত্য করার মাঝেও (পোস্টে) সতর্ক থাকাটা সহজ নয়, সত্যিকার অর্থে (ওই সময়) তার কিছুই করার ছিল না। এবং এর মাঝেই হঠাৎ করে একটা পরিস্থিতি তৈরি হয়, যা বিপজ্জনক হতে পারতো। আর দ্বিতীয়ার্ধে দারুণ ক্ষীপ্রতায় দুই পা এক করে খুব কঠিন একটা সেভ করতে হয়েছিল।” 

“শট আটকানোয় সে দুর্দান্ত। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আজ (বৃহস্পতিবার) তার জন্য চ্যালেঞ্জিং ছিল, কারণ তারা উপরে উঠে আক্রমণ করেছে। আর আমরা সেই চাপ এড়াতে চেয়েছি। ছোট পাস খেলেও আমরা চাপ এড়ানোর সুযোগ নিতে চেয়েছি, তার থেকে কেবলই লম্বা পাস দিয়ে নয়। সে খুব ভালো করেছে।”

বিশ্বকাপ বাছাইয়েও খুব ভালো অবস্থানে আছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচ খেলে শতভাগ সাফল্যে ১৫ পয়েন্ট নিয়ে ‘কে’ গ্রুপের শীর্ষে আছে তারা। 

আগামী মঙ্গলবার বাছাইয়ের পরের ম্যাচে লাটভিয়াকে হারালেই ২০২৬ বিশ্বকাপের টিকেট নিশ্চিত হয়ে যেতে পারে টুখেলের দলের।