চ্যাম্পিয়ন্স লিগ
Published : 15 Apr 2026, 05:47 PM
বল দখল, আক্রমণে আধিপত্য করলেও কাজের কাজটি করতে পারেনি লিভারপুল। অসংখ্য সুযোগ তৈরি করেও পিএসজির বিপক্ষে জালের দেখা পায়নি তারা। মৌসুম জুড়েই সুযোগ হাতছাড়া করা ভোগাচ্ছে তাদের। এটি নিয়ে আরও একবার আক্ষেপ ঝরল ইংলিশ ক্লাবটির কোচ আর্না স্লটের কণ্ঠে।
অ্যানফিল্ডে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে পিএসজির কাছে ২-০ গোলে হারে লিভারপুল। প্যারিসে প্রথম লেগেও একই ব্যবধানে হেরেছিল তারা। দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের অগ্রগামিতায় সেমি-ফাইনালে জায়গা করে নেয় শিরোপাধারী পিএসজি।
৫৩ শতাংশ সময় বল দখলে রাখা লিভারপুল গোলের জন্য ২১টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে মাত্র পাঁচটি। সেখানে ১২টি শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখে পিএসজি। সফরকারীদের দুটি কর্নারের বিপরীতে আটটি কর্নার পায় লিভারপুল।
ঘরের মাঠে প্রথমার্ধে কিছুটা পিছিয়ে ছিল লিভারপুল। এই সময়ে বল দখলে রাখার পাশাপাশি আক্রমণেও দাপট দেখায় পিএসজি। তবে ম্যাচের প্রথম ভালো সুযোগটি তৈরি করে লিভারপুলই। চোটে স্ট্রেচারে মাঠ ছাড়া উগো একিটিকের জায়গায় নেমে দারুণ সুযোগটি তৈরি করে মোহামেদ সালাহ। কিন্তু পিএসজির গোলরক্ষকের দৃঢ়তায় জালের দেখা পায়নি স্বাগতিকরা। ম্যাচজুড়েই পিএসজির পোস্ট আগলে রাখেন সাফোনোভ।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝড় বইয়ে দেয় লিভারপুল। কিন্তু তাতে লাভ হয়নি। উল্টো দুই গোল হজম করে বসে তারা। ৬৮তম মিনিটে পাল্টা আক্রমণে পিএসজিকে এগিয়ে নেন উসমান দেম্বেলে। পরে যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি তারকা।
ম্যাচ শেষে স্লট বলেন, এবারের মৌসুমে সুযোগ নষ্ট করার মাশুল দিয়েই চলেছেন তারা।
“দুর্ভাগ্যজনকভাবে, এই ম্যাচটি এবারের মৌসুমের অনেকগুলো উদাহরণের মধ্যে একটি, যেখানে আমরা প্রচুর সুযোগ তৈরি করেও গোল করতে পারিনি।”
“আরও একবার প্রত্যাশিত গোলের (১.৯৪) ধারেকাছে যেতে পারিনি। পুরো মৌসুমেই এই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি আমরা।”
৬৪তম মিনিটে ডি-বক্সে বল দখলে নিতে গিয়ে আলেক্সিস মাক আলিস্তের পড়ে গেলে প্রথমে পেনাল্টির বাঁশি বাজান রেফারি, তবে মনিটরে দেখে সিদ্ধান্ত পাল্টান তিনি। সেই প্রসঙ্গও টেনেও পুরো মৌসুমের একটি চিত্র তুলে ধরার চেষ্টা করেন স্লট।
“ভিএআরের আরেকটি সিদ্ধান্ত আমাদের পক্ষে আসেনি। এবারের মৌসুমে এমনটা প্রথম হয়নি, আরও অনেক হয়েছে।”
“অবশ্যই আমরা অনেক হতাশ, কারণ আমার মনে হয় দ্বিতীয়ার্ধে এমন কিছু মুহূর্ত ছিল, যখন মনে হচ্ছিল, এখন যদি গোল করতে পারি, তাহলে রাতটি আমাদের জন্য বিশেষ হয়ে উঠবে।”
চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়া লিভারপুল প্রতিযোগিতাটির আগামী আসরে খেলা নিয়েও শঙ্কায় আছে। প্রিমিয়ার লিগে পঞ্চম স্থানে আছে তারা। রোববার এভারটনের মুখোমুখি হবে দলটি।