১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৪ গোল হজম মানতে পারছেন না বার্সেলোনা কোচ

জার্মান কোচের মতে, বার্সেলোনার মতো ক্লাবের জন‍্য কোনো ম‍্যাচে চার গোল হজম করা অগ্রহণযোগ‍্য।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2025, 04:18 PM

Updated : 26 Aug 2026, 11:54 AM

শেষ দিকে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দুই গোল হজম করে ড্রয়ের পর খেলোয়াড়দের মনোযোগে ঘাটতি ও দলের রক্ষণের সমালোচনা করেছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। তার মতে, বার্সেলোনার মতো ক্লাবের জন‍্য কোনো ম‍্যাচে চার গোল হজম করা অগ্রহণযোগ‍্য। 

কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে আতলেতিকোর বিপক্ষে ৪-৪ গোলে ড্র করেছে বার্সেলোনা। 

শুরুতে ২ গোলে পিছিয়ে পড়া বার্সেলোনা একটা সময় ৪-২ গোলে এগিয়ে গিয়েছিল। সেখান থেকে ড্র মানতেই পারছেন না ফ্লিক। ম‍্যাচ শেষে স্প‍্যানিশ টেলিভিশন চ‍্যানেল টিভিইকে তিনি বললেন, যথাযথভাবে ম‍্যাচ শেষ করা তাদের অবশ‍্যই শিখতে হবে। 

“আমি খেলোয়াড়দের সাবধান করে বলেছিলাম ওরা যেন প্রতিপক্ষকে কোনো সুযোগ তৈরি করতে না দেয়। আমি ফলাফলে হতাশ কারণ, শুরুতে দুটি গোল হজমের পর আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছিলাম তা দুর্দান্ত ছিল। এমনকি ৪-২ গোলে এগিয়ে যাওয়ার পরও আমরা অনেক সুযোগ তৈরি করেছিলাম…কিন্তু সবই ব‍্যর্থ হয়ে গেছে, কারণ শেষ কয়েক মিনিটে আমরা ওদের ঘুরে দাঁড়াতে দিয়েছি।” 

“আমাদের সামনে সুযোগ ছিল এগিয়ে থেকে দ্বিতীয় লেগে যাওয়ার। হজম করা গোলগুলো নিয়ে চেঞ্জিং রুমে আমাদের অনেক কথা বলতে হবে… ভুলগুলো আমাদের ঠিক করে নিতে হবে। দলটি খুবই তরুণ, উন্নতির অনেক জায়গা আছে, তবে এটা কোনো অজুহাত নয়। ওরা আমাদের বিপক্ষে চার গোল করেছে আর এটা আমাদের মান অনুযায়ী অনেক বেশি।”    

৮ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে দলের পারফরম‍্যান্সে কিছু ইতিবাচক ব‍্যাপার ফ্লিকের চোখে পড়েছে, বিশেষ করে আক্রমণে।

“আমি হতাশ, তবে এরপরও ম‍্যাচে দেখা অনেক কিছু নিয়েই আমি খুশি। কিন্তু যে গোলগুলো হজম করেছি, এটা হতে পারে না।” 

“আতলেতিকো খুব ভালো খেলেছে। আমরা খুব ভালো ও শক্তিশালী একটি দলের বিপক্ষে খেলেছি যারা মাঠে নিজেদের সবটুকু দিয়ে এসেছে। তবে আমি মনে করি, ৮০ মিনিট আমরাই আধিপত‍্য করেছি। কিন্তু শেষ কয়েক মিনিটে আমরা ভালোভাবে রক্ষণ সামলাতে পারিনি।”