২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনাই ফ্লিকের ‘শেষ ক্লাব, শেষ কাজ’

জার্মান কোচ বললেন, অন্য কোথাও যাওয়ার কথা ভাবছেন না তিনি, পরিবারের সঙ্গে কথা বলে নেবেন চূড়ান্ত সিদ্ধান্ত।

বার্সেলোনাই ফ্লিকের ‘শেষ ক্লাব, শেষ কাজ’
হান্সি ফ্লিক। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2026, 09:05 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

বার্সেলোনার সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়ে হোয়ান লাপোর্তা বলেন, আরও বেশি সময়ের জন্য হান্সি ফ্লিককে কোচ হিসেবে চান তিনি। মেয়াদ বাড়ানোর ঘোষণা আসবে শিগগির। তবে কোনোরকম তাড়াহুড়া নেই জার্মান কোচের। পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত চূড়ান্ত করতে চান তিনি। 

একটা বিষয় অবশ্য তিনি নিশ্চিত করলেন, বার্সেলোনাই হয়ে থাকবে তার শেষ ক্লাব। এখানে কোচিংই তার শেষ কাজ। 

শাভি এর্নান্দেসের জায়গায় কোচ হয়ে এসে বার্সেলোনাকে কক্ষপথে ফিরিয়েছেন ফ্লিক। কাতালান ক্লাবটি ফের খেলছে আনন্দদায়ী ফুটবল। লা লিগা শিরোপা জিতেছে, চ্যাম্পিয়ন্স লিগে খেলেছে সেমি-ফাইনালে। 

লা লিগায় এবারও শীর্ষে আছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে টিকে আছে তারা। শেষ ষোলোর ফিরতি লেগে বুধবার নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে দলটি। মাঠের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

এর আগের দিন সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাব দিলেন ফ্লিক।

“আমার মনে হয় না, (চুক্তি) নবায়ন নিয়ে কথা বলার এটা সঠিক সময়। আমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাচ আছে। সবাই জানে, আমি এখানে খুব সুখী। তবে পরিবারের সঙ্গে আমার কথা বলতে হবে। পরেও এটা নিয়ে কথা বলা যাবে, এখন এটা নিয়ে কথা বলার সময় নয়।”

একটু পরে প্রশ্ন হলো, পরিবারের সঙ্গে কথা বলতে চান মানে কি নবায়ন নিয়ে নিশ্চিত নন? ফ্লিক বললেন, সময় এলেই সিদ্ধান্ত জানাবেন তিনি।

“এটা পরিষ্কার যে, এখানে কাজ করতে আমি ভালোবাসি। সবচেয়ে বড় ব্যাপার যে, আমি অনুভব করি এখানে আমার দারুণ একটি পরিবার আছে। আমার প্রতি বার্সেলোনার সমর্থন আছে। তবে এটা ফুটবল। আমি এখানে আছি ওদের সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার ক্ষেত্রে সাহায্য করার জন্য। তবে এখনও সময় আছে। আমি অন্য কোথাও যাওয়ার কথা ভাবছি না। এটাই হবে আমার শেষ ক্লাব, আমার শেষ কাজ এবং আমি এখানে খুশি।”