১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কোনের পা ভেঙে দেওয়া মাদিবোর পাশে লোপেতেগি

কাতার কোচ মনে করছেন, খারাপ কোনো উদ্দেশ‍্য নিয়ে ওই ফাউল করেননি মিডফিল্ডার আসিম মাদিবো।

কোনের পা ভেঙে দেওয়া মাদিবোর পাশে লোপেতেগি
কাতারের কোচ হুলেন লোপেতেগি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2026, 11:57 AM

Updated : 11 Sep 2026, 03:26 PM

দায়িত্বজ্ঞানহীন ফাউলে ইসমায়েল কোনের পা ভেঙে দেওয়া আসিম মাদিবোর পাশে দাঁড়িয়েছেন হুলেন লোপেতেগি। কাতার কোচ বলেছেন, এটা দুর্ঘটনা।  

ভ্যাঙ্কুভারে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে ‘বি’ গ্রুপের ম্যাচে কানাডার বিপক্ষে ৬-০ গোলে হেরেছে কাতার। 

জোনাথান ডেভিডের হ‍্যাটট্রিক, বিশ্ব মঞ্চে কানাডার প্রথম জয় ছাপিয়ে ম‍্যাচ শেষে আলোচনার কেন্দ্রে আসিমের ফাউল। ৫৪তম মিনিটের ওই ঘটনায় পা ভেঙে কয়েক মাসের জন‍্য ছিটকে গেছেন কোনে। অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে ২৪ বছর বয়সী এই মিডফিল্ডারের।   

কানাডা ড্রেসিংরুমে গিয়ে কোনের কাছে ক্ষমা চেয়েছেন মাদিবো। কাতার কোচ মনে করেন, ওই ফাউল ২৯ বছর বয়সী মিডফিল্ডার কোনো ক্ষতির উদ্দেশ‍্যে করেননি। 

“কোনের জন‍্য শুভকামনা যেন সে যত দ্রুত সম্ভব সেরে উঠে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ কারণেই তার জন‍্য আমি শুভকামনা জানিয়েছি। এটা একটা দুর্ঘটনা ছিল, যেটা ঘটে গেছে। আমি নিশ্চিত আসিম এই চোটের জন‍্য এটা করেনি।”  

ওই ফাউলের পর দুই দলের বেঞ্চের খেলোয়াড় ও স্টাফরা ধাক্কাধাক্কিতে জড়ায়। ম‍্যাচ শেষেও দেখা যায় একই চিত্র। ৫৯ বছর বয়সী এই স্প‍্যানিশ কোচ ওই ঘটনার খুব গভীরে যেতে চাইলেন না।

“এই ঘটনায় আমার নিজত্ব দৃষ্টিভঙ্গী আছে, তবে আমি এ ব‍্যাপারে কিছু বলব না। কারণ, এই ঘটনায় প্রত‍্যেকেই দায়ী হবে। ফুটবলারদের জন‍্য, স্টাফদের জন‍্য এভাবে সমাপ্তি ভালো নয়। আমার মনে হয়, এই পরিস্থিতি আমাদের এড়াতে হবে।”

দুই লাল কার্ডের জন‍্য নয় জন নিয়ে হেরে কোনো অজুহাত দেখাচ্ছেন না লোপেতেগি। এই হার ভুলে গ্রুপ পর্বের শেষ ম‍্যাচের জন‍্য দলকে প্রস্তুত করতে চান তিনি।   

“পরের ম‍্যাচের জন‍্য সঠিক সিদ্ধান্ত নিতে আমাকে এই ম‍্যাচ বিশ্লেষণ করতে হবে। ছেলেদের যত দ্রুত সম্ভব রিকোভার করতে হবে।”