সান সিরোয় ‘দুর্ঘটনা এড়িয়ে’ ট্রেবলে চোখ ইন্টার মিলানের
সেরি আয় শীর্ষে থাকা দলটি চ্যাম্পিয়ন্স লিগ ও ইতালিয়ান কাপেও শিরোপার লড়াইয়ে আছে।
শক্তি-সামর্থ্যে যোজন-যোজন পিছিয়ে থাকা মুনসার বিপক্ষে হারতে বসেছিল ইন্টার মিলান। তাও আবার ঘরের মাঠে। শেষ পর্যন্ত অবশ্য সেই ধাক্কা খেতে হয়নি তাদের। প্রত্যাবর্তনের দারুণ এক গল্প লিখে জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি। ৩-২ গোলের দুর্দান্ত জয়ের পর ‘ট্রেবলের’ স্বপ্ন দেখতে শুরু করেছে দলটির খেলোয়াড়রা।
সান সিরোয় শনিবার সেরি আর পয়েন্ট টেবিলের তলানির দল মুনসার বিপক্ষে পিছিয়ে পড়ে ইন্টার। প্রথমার্ধেই দুই গোল হজম করে বসে গত মৌসুমের লিগ চ্যাম্পিয়নরা। তাতে শঙ্কা জাগে বড় অঘটনের।
তবে খেই হারায়নি ইন্টার। মরিয়া পারফরম্যান্সে বিরতির আগেই একটি গোল শোধ করে দেয় তারা, গোলটি করেন অস্ট্রিয়ান ফরোয়ার্ড মার্তো আর্নাউতোভিচ।
দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের ওপর চাপ বাড়ায় ইন্টার। তাতে ফলও মেলে। ৬৪তম মিনিটে দলকে সমতায় ফেরান তুরস্কের মিডফিল্ডার হাকান চালহানাউলু। ১৩ মিনিট পর প্রতিপক্ষের আত্মঘাতী গোলে জয়ের পথে এগিয়ে যায় ইন্টার।
লিগ শিরোপা ধরে রাখার অভিযানে আপাতত শীর্ষস্থান মজবুত হয়েছে ইন্টারের। ২৮ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। এক ম্যাচ কম খেলা নাপোলি ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে।
সেরি আর পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগ ও ইতালিয়ান কাপে শিরোপা লড়াইয়েও আছে ইন্টার। ইউরোপ সেরার প্রতিযোগিতার শেষ ষোলোর প্রথম লেগে ফেইনুর্ডের মাঠে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে এক পা দিয়ে রেখেছে তারা। আর আগামী এপ্রিলে ইতালিয়ান কাপের সেমি-ফাইনালে এসি মিলানের মুখোমুখি হবে দলটি।
মুনসার বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে দারুণ জয়ের পর স্কাই স্পোর্টসে চালহানাউলু বলেন, ট্রেবলে চোখ রেখে ধাপে ধাপে এগোচ্ছেন তারা।
“আমরা কোনো দলকে হালকাভাবে দেখি না, সব প্রতিপক্ষই ভালো। শেষ পর্যন্ত আমরাই আধিপত্য দেখিয়েছি, সবকিছু চেষ্টা করেছি এবং জিততে পেরে খুশি।”
“কোচের মানসিকতা ঠিক আছে, আমরা ট্রেবল জেতার চেষ্টা করব। এটা লম্বা মৌসুম, ধাপে ধাপে এগোতে হবে।”
ইন্টারের হয়ে ২০১০ সালে ট্রেবল জয়ের অভিজ্ঞতা আছে আর্নাউতোভিচের। সেবার ইতালিয়ান ক্লাবটিতে ধারে খেলতে এসেছিলেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে যদিও মাঠে নেমেছিলেন কেবল তিন ম্যাচে।
সেবারের ট্রেবল জয়কে তাই নিজের সাফল্য ভাবতে পারছেন না আর্নাউতোভিচ। তবে আরও একবার সেই স্বাদ পেতে চান তিনি।
“আমি যখন একজন ভক্ত ছিলাম, তখন ইন্টার প্রথম ট্রেবল জিতেছিল। তখন আমি তাদের সঙ্গে ছিলাম, এটা আমার জন্য গর্বের। কিন্তু ওই সাফল্যকে আমি নিজের মনে করি না, কারণ হয়তো আমি দুই বা তিনটি ম্যাচ খেলেছিলাম।”
“এখন আমি এখানে। সহজ হবে না জেনেও আমরা সবকিছু জেতার চেষ্টা করছি। (মুনসার বিপক্ষে) প্রথম ২৫ মিনিটে (৩২তম ও ৪৪তম মিনিটে গোল হজম করে) আমরা ২-০ গোলে পিছিয়ে ছিলাম, এরপর আমাদের কাজটা করেছি, সমর্থকরা সমর্থন দিয়েছে। এই জয়ে আমরা খুব খুশি। তবে কাজ শেষ হয়ে যায়নি, কারণ চ্যাম্পিয়নশিপ এখনও অনেক দূরের পথ।”
দলটির ডিফেন্ডার ইয়ান বিসেকও বিশ্বাস করেন, আরেকটি ট্রেবল জিততে পারেন তারা।
“শতভাগ সম্ভব। আমরা এখনও সব প্রতিযোগিতায় শিরোপার লড়াইয়ে আছি। ধাপে ধাপে এগোতে হবে, মনোযোগী থাকতে হবে, তারপরে দেখা যাক কী হয়।”
