আক্রমণভাগে শক্তি বাড়াল রেয়াল মাদ্রিদ
এবারের গ্রীষ্মে এখন পর্যন্ত পাঁচ জন খেলোয়াড় রেয়াল মাদ্রিদ শিবিরে যোগ হলো।
রক্ষণ ও মাঝমাঠের পর, এবার আক্রমণভাগে নতুন শক্তি যোগ করল রেয়াল মাদ্রিদ। লেভান্তে থেকে তরুণ ফরোয়ার্ড কার্লোস এস্পিকে দলে নিয়েছে তারা।
স্পেনের বয়সভিত্তিক দলে খেলা এই ফুটবলারকে পাঁচ বছরের জন্য চুক্তিভুক্ত করার বিষয়টি বৃহস্পতিবার জানিয়েছে রেয়াল মাদ্রিদ।
“রেয়াল মাদ্রিদ ও লেভান্তে কার্লোস এস্পির দলবদলের জন্য সমঝোতায় পৌঁছেছে, যিনি আগামী পাঁচ মৌসুম আমাদের ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ থাকবেন, ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত।
“২১ বছর বয়সে, লেভান্তের হয়ে তিন মৌসুম খেলেছেন কার্লোস এস্পি, ৬৬ ম্যাচ খেলে করেছেন ২০ গোল।”
২১ বছর বয়সী এই ফরোয়ার্ড গত মৌসুমে লা লিগায় ১১টি গোল করেন, এবং অনূর্ধ্ব-২৩ ফুটবলারদের মধ্যে সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
ইএসপিএন-এর খবর, রেয়ালের গন্সালো গার্সিয়া এই গ্রীষ্মেই প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যামে যোগ দিতে পারেন। তার সম্ভাব্য শূন্যস্থান পূরণের জন্যই নাকি এস্পিকে দলে নিল মাদ্রিদের ক্লাবটি।
হতাশাময় দুটি মৌসুমের পর, এবার জোসে মরিনিয়োর কোচিংয়ে ঘুরে দাঁড়ানোর অভিযানে নামবে রেয়াল মাদ্রিদ। ফরোয়ার্ড হিসেবে দলে জায়গা পেতে কিলিয়ান এমবাপে ও এন্দ্রিকের সঙ্গে লড়তে হবে এস্পিকে।
এবারের গ্রীষ্মে এই পর্যন্ত পাঁচ জন খেলোয়াড় রেয়াল মাদ্রিদ শিবিরে যোগ হলো। আগের চার জন হলেন- মিডফিল্ডার বের্নার্দো সিলভা ও তিন ডিফেন্ডার মার্ক কুকুরেইয়া, ইব্রাহিমা কোনাতে ও ডেঞ্জিল ডামফ্রিস।
