২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড কোচের ভাবনায় কেবলই সুইজারল্যান্ড ম্যাচ

নিজেদের মেলে ধরার চাপ অনুভব করলেও সেটা উপভোগ করছেন বলে জানালেন ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2024, 08:54 AM

Updated : 26 Aug 2026, 09:56 AM

ইংল্যান্ডের কোচ হিসেবে শততম ম্যাচের দারুণ এক মাইলফলক ছোঁয়ার সামনে দাঁড়িয়ে গ্যারেথ সাউথগেট। তবে এ নিয়ে ভাবতে চাইছেন না তিনি। আপাতত তার সব ভাবনা সুইজারল্যান্ডের বিপক্ষে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনাল ম্যাচ ঘিরে।

ডুসেলডর্ফে শনিবার সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ২০২০ ইউরোর রানার্সআপ ইংল্যান্ড। ইউরোপ সেরার আসরে সুইসরা কখনও সেমি-ফাইনালও খেলতে পারেনি, গত আসরে প্রথমবার কোয়ার্টার-ফাইনাল খেলেছিল তারা।

এ ম্যাচ ডাগআউটে সাউথগেট দাঁড়াবেন ইংল্যান্ডের কোচ হিসেবে শততম ম্যাচে। বিষয়টি অবশ্যই আবেগের, কিন্তু তিনি আপাতত এসব একপাশে রেখে সুইস ম্যাচের ছকে দিতে চান গভীর মনোযোগ।

“(শততম ম্যাচ নিয়ে) আমি ভীষণ গর্বিত, কিন্তু এটা এই সপ্তাহের সবচেয়ে কম গুরুত্বপূর্ণ পরিসংখ্যান। একমাত্র কোয়ার্টার-ফাইনালই গুরুত্বপূর্ণ এবং আরেকটি সেমি-ফাইনালে ইংল্যান্ডকে তোলার দিকেই পূর্ণ মনোযোগ আমার।”

“আমি নিশ্চিত, সময় আসবে, যখন আমি পিছু ফিরে তাকাব এবং এই মাইলফলকের দিকে তাকিয়ে দারুণ গর্ব অনুভব করব। কিন্তু এ মুহূর্তে আমার ভাবনায় এ বিষয় আছে সবচেয়ে পেছনের দিকে।”

শেষ ষোলোয় শিরোপাধারী ইতালিকে ২-০ গোলে হারিয়ে আসা সুইজারল্যান্ডকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। চলতি আসরে ছন্দে থাকা প্রতিপক্ষকে নিয়ে সাউথগেটও বললেন, সুইসদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা আছে তার।

“আগামীকালের (শনিবার) ম্যাচের জন্য আমরা প্রস্তুত এবং প্রতিপক্ষের প্রতি আমাদের শ্রদ্ধা অনেক। এ ম্যাচ জিততে হলে আমাদের সর্বোচ্চ পর্যায়ের ফর্মে থাকতে হবে।”

কোয়ার্টার-ফাইনালে উঠে এলেও ইংল্যান্ড এখনও পারফরম্যান্স দিয়ে সমর্থকদের মন ভরাতে পারেনি। মান অনুযায়ী পারফরম্যান্স না হওয়ায় চাপে আছে সাউথগেটের দল। সংবাদ সম্মেলনে গোলরক্ষক জর্ডান পিকফোর্ড অবশ্য বললেন, চাপ পছন্দ করেন তিনি।

“আমি বড় ম্যাচের চাপ, মুহূর্তগুলো পছন্দ করি। অবশ্য কেবল আমি নই, ১১ জনকেই নিজেদের খেলার উন্নতি করতে হবে।”