আন্তর্জাতিক ফুটবল
Published : 20 May 2025, 09:09 PM
নিয়মিতদের প্রায় সবাইকে নিয়েই উয়েফা নেশন্স লিগের শেষ চারের দল সাজিয়েছেন পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেস। ক্রিস্তিয়ানো রোনালদোর ফিটনেস নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও, ঠিকই দলে আছেন আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড স্কোরার।
মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় আগামী ৪ জুন প্রতিযোগিতাটির সেমি-ফাইনালে জার্মানির মুখোমুখি হবে পর্তুগাল। একই মাঠে ফাইনাল ৮ জুন।
আসরের শেষ অংশের জন্য মঙ্গলবার ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন মার্তিনেস। পর্তুগালের বয়সভিত্তিক দলে ও ক্লাবে আলো ছড়িয়ে প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তরুণ উইঙ্গার রদ্রিগো মোরা।
এই মাসের শুরুতে ১৮ বছরে পা দেওয়া মোরা ৯ বছর বয়সে যোগ দেন পোর্তোর একাডেমিতে। ক্লাবটিতে ‘বি’ দল হয়ে এই মৌসুমেই জায়গা করে নেন মূল দলে। অভিষেক মৌসুমে পর্তুগিজ লিগে ২৩ ম্যাচে ১০ গোল করার পাশাপাশি চারটি অ্যাসিস্ট করেন তিনি।
গত বছর অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি পাঁচ গোল করে। ফাইনালে ইতালির কাছে হেরে যায় পর্তুগাল।
দারুণ প্রতিভাবান এই ফুটবলারকে দলে নিয়ে উচ্ছ্বসিত পর্তুগালের স্প্যানিশ কোচ মার্তিনেস।
“রদ্রিগো মোরার কথা বলতে গেলেই আমার মুখে হাসি ফুটে ওঠে। আমি মনে করি, সে পর্তুগিজ ফুটবলে একটি যুগের সূচনা করবে।”
আক্রমণভাগে ৪০ বছর বয়সী রোনালদো, গন্সালো রামোস, দিয়োগো জটা, পেদ্রো নেতোদের সঙ্গে থাকছেন মোরা।
ক্লাব আল নাস্রের হয়ে সবশেষ তিন ম্যাচে খেলেননি রোনালদো। তার ফিটনেস নিয়ে তাই শোনা যাচ্ছিল গুঞ্জন। গুজব উড়িয়ে মার্তিনেস বললেন, জার্মানির বিপক্ষে খেলার জন্য প্রস্তুত অধিনায়ক।
“ক্রিস্তিয়ানোর ফিটনেসের কথা বললে, তাকে খেলার জন্য পাওয়া যাবে। কোনো সমস্যা নেই। আমাদের দলে যে মান রয়েছে, তাতে আমি খুব খুশি। আমাদের কাছে অনেক বিকল্প আছে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আমাদের চার জন খেলোয়াড় আছে, এটা দারুণ ব্যাপার।”
দলে ফিরেছেন স্পোর্তিং লিসবনের অ্যাটাকিং মিডফিল্ডার পেদ্রো গনসালভেস। চোটের কারণে ২০২৪-২৫ মৌসুমে বেশিরভাগ সময় বাইরে কাটাতে হয় তাকে।
মৌসুমের শেষটা যদিও বেশ ভালো হয় তার। লিগের শেষ দিন ভিক্তোরিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে দলের প্রথম গোলটি করেন ২৬ বছর বয়সী ফুটবলার। দ্বিতীয় স্থানে থাকা বেনফিকার চেয়ে ২ পয়েন্ট এগিয়ে থেকে শিরোপা জিতে নেয় স্পোর্তিং।
২০২১ সালে অভিষেক থেকে পর্তুগালের হয়ে এখন পর্যন্ত কেবল তিনটি ম্যাচ খেলতে পেরেছেন গনসালভেস।
নেশন্স লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন পর্তুগাল এবার শেষ আটে ডেনমার্কের বিপক্ষে প্রথম লেগে ১-০ গোলে হেরে গেলেও, ফিরতি লেগে ৫-২ গোলের জয়ে জায়গা করে নেয় সেমি-ফাইনালে।
পর্তুগাল-জার্মানি ম্যাচের পরদিন স্টুটগার্টে আরেক সেমি-ফাইনালে লড়বে স্পেন ও ফ্রান্স।