১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রূপকথার অভিযানে প্রথমবার বিশ্বকাপে মালাউই

২০০২ সালে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলেছে দলটি, ফিফা উইমেন’স র‌্যাঙ্কিংয়ে অবস্থান তাদের ১৫৩, সেই দল চমকপ্রদ সাফল্যে জায়গা করে নিল বিশ্বমঞ্চে।

রূপকথার অভিযানে প্রথমবার বিশ্বকাপে মালাউই
বিশ্বকাপ নিশ্চিত করে মালাউই দলের উল্লাস। ছবি: ফিফা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2026, 01:49 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

বিশ্ব ফুটবলের মানচিত্রে মালাউই বড় কোনো নাম নয়। আফ্রিকার ফুটবলেই তো তারা পড়ে থাকে অনেকটা আড়ালে। সেই দেশই আলোকিত করবে বিশ্বকাপ! উইমেন’স আফ্রিকা কাপ অব নেশন্সে চমকপ্রদ পথচলায় দলটি জায়গা করে নিয়েছে আগামী বছরের ফিফা উইমেন’স বিশ্বকাপে।

গ্রুপ পর্বে দারুণ চমক দেখানো দলটি রূপকথাময় পথচলা ধরে রাখে কোয়ার্টার-ফাইনালেও। মরক্কোর রাবাতে রোববার তারা ২-১ গোলে হারিয়ে দেয় আফ্রিকা ফুটবলের প্রতিষ্ঠিত শক্তি ঘানাকে।

এই ফলাফল কতটা স্মরণীয়, তা বলে দেবে পরিসংখ্যানই। ফিফা উইমেন’স র‌্যাঙ্কিংয়ে মালাউই আছে ১৫৩ নম্বরে, আর ঘানা ৬০ নম্বরে!

মেয়েদের ফুটবলে মালাউই পথচলা শুরু করে মাত্র এই শতাব্দীর শুরুর দিকে। প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে তারা ২০০২ সালে। সেই দলটিই জায়গা করে নিল বিশ্বমঞ্চে।

মালাউই এবার টুর্নামেন্ট শুরুই করে ভূমিকম্প ঘটিয়ে। প্রথম ম্যাচে তারা ৩-২ গোলে হারিয়ে দেয় আসরের রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন ও র‌্যাঙ্কিংয়ে ১১৭ ধাপ এগিয়ে থাকা নাইজেরিয়াকে। পরের ম্যাচে তারা ৩-১ গোলে পরাজিত করে র‌্যাঙ্কিংয়ে ৫৪ ধাপ এগিয়ে থাকা মিশরকে।

গ্রপের শেষ ম্যাচে অবশ্য তারা হেরে যায় ৮৮ ধাপ এগিয়ে থাকা জাম্বিয়ার কাছে। তবে মুখোমুখি লড়াইয়ের ফলাফলে গ্রুপের শীর্ষে থেকেই কোয়ার্টারে পা রাখে তারা। সেখানেও হারিয়ে দিল তিনবার বিশ্বকাপে খেলা ঘানাকে। 

উইমেন’স আফ্রিকা কাপ অব নেশন্সের সেমি-ফাইনালে ওঠা চার দল সরাসরি খেলবে আগামী বিশ্বকাপে। মালাউইয়ের আগে বিশ্বকাপ নিশ্চিত করেছে আলজেরিয়া, মরক্কো ও ক্যামেরুন। ফাইনালে ওঠার লড়াইয়ে মালাউই লড়বে আলজেরিয়ার বিপক্ষে, স্বাগতিক মরক্কোর প্রতিপক্ষ ক্যামেরুন।

উইমেন’স আফ্রিকা কাপ অব নেশন্সের এবার নতুন চ্যাম্পিয়ন পাওয়াও নিশ্চিত। 

আগের ৯ বিশ্বকাপের সবকটিতেই খেলা নাইজেরিয়া এবার কোয়ার্টার-ফাইনালে হেরেছে ক্যামেরুনের কাছে। তবে টানা দশম বিশ্বকাপে খেলার আশা তাদের শেষ হয়নি পুরোপুরি। জটিল এক প্লে-অফের লড়াইয়ে যেতে হবে তাদেরকে এখন, যেখান থেকে আফ্রিকার আরও দুটি দল বিশ্বকাপে পা রাখতে পারে। 

নারী বিশ্বকাপের দশম আসর আয়োজিত হবে আগামী জুন-জুলাইয়ে ব্রাজিলে।