১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘৫ থেকে ৬ মাসের’ জন্য ডি ইয়ংকে হারাল বার্সেলোনা

বিশ্বকাপ থেকে ক্লাবে ফেরার পর, এই ডাচ মিডফিল্ডারের হাঁটুতে গুরুতর চোট ধরা পড়েছে।

‘৫ থেকে ৬ মাসের’ জন্য ডি ইয়ংকে হারাল বার্সেলোনা
ফ্রেংকি ডি ইয়ং। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2026, 01:08 AM

Updated : 11 Sep 2026, 03:43 PM

নতুন মৌসুম শুরুর আগে বড় এক ধাক্কা খেল বার্সেলোনা। হাঁটুর গুরুতর চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন ফ্রেংকি ডি ইয়ং। 

লা লিগা চ্যাম্পিয়নরা বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বকাপ থেকে ফেরার পর, পরীক্ষায় এই ডাচ মিডফিল্ডারের ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।

তার সেরে উঠতে কতদিন লাগতে পারে, সে ব্যাপারে ক্লাবের পক্ষ কিছু বলা হয়নি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-এর খবর, পাঁচ থেকে ছয় মাস মাঠের বাইরে থাকতে হবে ২৯ বছর বয়সী এই ফুটবলারকে। 

বিশ্বকাপে ডি ইয়ংকে ডান হাঁটুর ওপরের অংশে মোটা ব্যান্ডেজ বেঁধে খেলতে দেখা যায়। শেষ ষোলোয় মরক্কোর বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নেয় নেদারল্যান্ডস।

অবশ্য অস্ত্রোপচারের প্রয়োজন নেই বলে ডি ইয়ং বৃহস্পতিবার ইনস্টাগ্রামে স্বস্তি প্রকাশ করেন।

“চোটটি প্রাথমিকভাবে যা ভাবা হয়েছিল, তার চেয়ে বেশি গুরুতর। সৌভাগ্যবশত এই মুহূর্তে অস্ত্রোপচারের প্রয়োজন নেই। এখন পুরোপুরি সুস্থ হয়ে ওঠার দিকে মনোযোগ দিচ্ছি আমি।”

বার্সেলোনা টানা তৃতীয় লা লিগা শিরোপা জয়ের অভিযান শুরু করবে আগামী ২৩ অগাস্ট, এলচের মাঠে ম্যাচ দিয়ে।