০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

৩০ বছর পর কাম্প নউয়ে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল

এ নিয়ে তৃতীয়বার বার্সেলোনার মাঠে হবে প্রতিযোগিতাটির শিরোপা নির্ধারণী ম্যাচ।

৩০ বছর পর কাম্প নউয়ে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল
কাম্প নউ। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Sep 2026, 05:24 PM

Updated : 19 Sep 2026, 02:31 PM

বার্সেলোনার আঙিনা কাম্প নউয়ের দীর্ঘ এক অপেক্ষার অবসান হতে যাচ্ছে। তিন দশক পর স্প্যানিশ ক্লাবটির মাঠে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল।

২০২৮ ও ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু মঙ্গলবার ঘোষণা করেছে ইউরোপের ফুটবলের নিয়ন্তা সংস্থা উয়েফা।

২০২৭-২৮ মৌসুমের ইউরোপ সেরার প্রতিযোগিতার শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে বায়ার্ন মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায়। এ নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হতে যাচ্ছে জার্মান ক্লাবটির ঘরের মাঠে।

২০১২ সালের ফাইনালে নিজেদের মাঠে চেলসির বিপক্ষে পেনাল্টি শুটআউটে হেরে হৃদয় ভাঙে বায়ার্নের। এই মাঠে ২০২৫ সালের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে নিজেদের ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে পিএসজি।

২০২৯ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আয়োজক বার্সেলোনা। পরের বছর পর্তুগাল ও মরক্কোর সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে স্পেন।

কাম্প নউয়েও তৃতীয়বার হবে ইউরোপ সেরার মুকুটের লড়াই। সবশেষ এই মাঠে প্রতিযোগিতাটির ফাইনাল অনুষ্ঠিত হয় ১৯৯৯ সালে। সেবার পিছিয়ে পড়েও যোগ করা সময়ে দুই গোল করে বায়ার্ন মিউনিখকে ২-১ ব্যবধানে হারায় ম্যানচেস্টার ইউনাইটেড।

ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতার ফাইনাল কাম্প নউয়ে প্রথমবার অনুষ্ঠিত হয় ১৯৮৯ সালে। সেবার বুকুরেস্তিকে ৪-০ গোলে হারায় এসি মিলান।

২০২৬-২৭ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হবে স্পেনের আরেক ক্লাব আতলেতিকো মাদ্রিদের মাঠ এস্তাদিও মেত্রোপলিতানোয়। শিরোপা নির্ধারণী ম্যাচটি মাঠে গড়াবে ২০২৭ সালের ৫ জুন।