‘ফ্রান্সের সমালোচনা করা অন্যায়’, মনে করেন সহকারী কোচ
আক্রমণভাগে বিবর্ণ কিলিয়ান এমবাপে ও অঁতোয়ান গ্রিজমানকে সমালোচনার কোনো কারণ দেখছেন না গি স্টেফোঁ।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মুকুট ফিরে পাওয়ার পথে একটু একটু করে এগিয়ে চলছে ফ্রান্স। তবে এখনও ‘ওপেন প্লে’ থেকে দলটির গোল না পাওয়া, আক্রমণভাগের বিবর্ণতা নিয়ে সমালোচনা থেমে নেই। দলটির সহকারী কোচ গি স্টিফোঁর অবশ্য মনে হচ্ছে, ফ্রান্সকে অন্যায়ভাবে সমালোচনা করা হচ্ছে।
সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী শুক্রবার পর্তুগালের মুখোমুখি হবে ফ্রান্স। এই দুই দলই আছে মুকুট ফিরে পাওয়ার মিশনে। ফ্রান্স সবশেষ ২০০০ সালে এবং পর্তুগাল ২০১৬ সালে জিতেছিল ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট।
সমালোচনা ‘অন্যায়’ বললেও স্টিফোঁ মনে করেন, সামনের পথচলায় আরও ভালো করতে পারে ফ্রান্স।
“আমরা কখনই বলিনি যে, পথচলা মসৃণ হবে, প্রতিটি ম্যাচ জিতব। ইউরোর ড্রয়ের পর মনে আছে, আমার প্রতিক্রিয়া কী ছিল। আমি বলেছিলাম, ‘সতর্ক থাকতে হবে’।”
“এটা সত্যি যে, দলগতভাবে আমরা আরও ভালো হতে পারি। কার্যকারিতার দিক থেকে অবশ্যই আমাদের আরও ভালো করতে হবে। কিন্তু এর বাইরে ভালো দিকও আছে। প্রতিপক্ষের চেয়ে বল পজেশনে আমরা ভালো ছিলাম, অনেক সুযোগ তৈরি করেছি। আপনি বোতলের অর্ধেক পূর্ণ বা অর্ধেক ফাঁকা দেখতে পারেন। আমি অর্ধেক পূর্ণটাই দেখতে চাই।”
কিলিয়ান এমবাপে-অঁতোয়ান গ্রিজমান আক্রমণভাগে কার্যকরী হয়ে উঠতে পারছেন না। সমালোচনার শিকার হচ্ছেন দুজনে। তাদেরকে নিয়ে সমালোচনাও মেনে নিতে পারছেন না স্টিফোঁ।
“এমবাপের নাক ভেঙে যাওয়ার দিকটি আমরা সবাই যেন একটুও মাথায় রাখতে চাইছি না। হ্যাঁ, এটাই সবকিছু ব্যাখ্যা করে না, কিন্তু এই ধাক্কার প্রভাব ছিল। বাধ্য হয়ে মাস্ক পরে খেলা সহজ নয়; এটা তার স্বাভাবিক দৃষ্টির পথে বাধা তৈরি করেছে। ক্লান্তিকর একটা মৌসুমও পার করে এসেছে সে, তারপরও কিলিয়ান সেরা এবং শীর্ষ পর্যায়ের খেলোয়াড়ই থাকবে। কখনও কখনও শীর্ষ পর্যায়ের খেলোয়াড়রাও তুলনামূলক কম ভালো পারফরম করে।”
“গ্রিজমানের বেলায়, আমরা এমন একজন খেলোয়াড়কে নিয়ে কথা বলছি, যে জাতীয় দলের হয়ে ১৩৩ ম্যাচ খেলেছে, যে ৪৪টি গোল করেছে। গত মার্চ পর্যন্ত যে টানা ৮০টিরও বেশি ম্যাচ খেলেছে ফ্রান্সের হয়ে। আমরা আচমকাই তার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলতে পারি না।”
