মাঠে নামতে এখনও প্রস্তুত নন বেলিংহ্যাম
তারকা এই মিডফিল্ডার কবে নাগাদ ফিরতে পারবেন, তারও নিশ্চয়তা নেই।
পায়ের চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি জুড বেলিংহ্যাম। তাই রেয়াল মাদ্রিদের আসছে ম্যাচে এই ইংলিশ মিডফিল্ডার খেলতে পারবেন না বলে নিশ্চিত করেছেন কোচ কার্লো আনচেলত্তি।
লা লিগায় শনিবার রেয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে রেয়াল। সোসিয়েদাদের মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।
গত মাসে ডান পায়ের পেশিতে আঘাত পেয়েছিলেন বেলিংহ্যাম। চোট সমস্যায় দলে নেই আরেক মিডফিল্ডার অঁহেলিয়া চুয়ামেনি। এই ম্যাচে তারা খেলতে পারবেন কি-না, এমন প্রশ্নের উত্তরে আগের দিন আনচেলত্তি বলেন, সেই সম্ভাবনা নেই।
“আগামীকাল তারা খেলবে না। তাদের দলে ফেরার প্রসঙ্গে এখন কথা বলা খুব তাড়াতাড়ি হয়ে যায়। স্টুটগার্টের বিপক্ষে আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে তারা খেলতে পারবে কি-না, দেখা যাক।”
সতীর্থদের সঙ্গে শুক্রবার সকালে অনুশীলন করেননি বেলিংহ্যাম ও চুয়ামেনি। এছাড়া দুই ডিফেন্ডার এদের মিলিতাও ও ফেরলদ মদিঁকে ঘিরেও চোট শঙ্কা আছে।
লিগ শিরোপা ধরে রাখার অভিযানে শুরুটা একেবারেই ভালো হয়নি রেয়ালের। প্রথম চার ম্যাচের মাত্র দুটিতে জিতেছে তারা, বাকি দুটি ড্র। ৮ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।
সবগুলো জিতে তাদের চেয়ে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা।
